জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করার কথা রয়েছে। সফরকালে জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন তিনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের কর্মসূচি বিস্তারিতভাবে পরে জানানো হবে। তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, প্রধানমন্ত্রীর জাতিসংঘ কর্মসূচি বিস্তারিত জানানো হবে। আমরা সম্ভবত ২১ তারিখ রওনা হবো এবং ২৬ তারিখ পর্যন্ত নিউইয়র্কে থাকব।’
হুমায়ুন কবির বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলাদেশের ভবিষ্যৎ ভাবনা ও সরকারের ভিশন বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন। গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করেছে—এই প্রেক্ষাপটে বাংলাদেশকে ভবিষ্যতে কোথায় নিয়ে যেতে চান, সে বিষয়েও নিজের পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর ভাষণে বিশ্বশান্তি প্রতিষ্ঠা, টেকসই সমাধান, সংঘাত নিরসন এবং এসব ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে বলে জানান প্রতিমন্ত্রী।
এ ছাড়া দারিদ্র্য দূরীকরণ, স্থানীয় অর্থনীতিতে মানুষের আকাঙ্ক্ষা ও অংশগ্রহণ বাড়ানো, বিভিন্ন নীতিগত উদ্যোগ, জলবায়ু নিরাপত্তা এবং জলবায়ু অর্থায়নে বাংলাদেশের নেতৃত্বের বিষয়গুলোও ভাষণে স্থান পেতে পারে।
হুমায়ুন কবির আরও বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। তবে কার কার সঙ্গে এসব বৈঠক হবে, তা চূড়ান্ত হতে আরও কিছুটা সময় লাগতে পারে। বহুপক্ষীয় ফোরামে এ ধরনের বৈঠক অনেক সময় শেষ মুহূর্তেও নির্ধারিত হয় বলেও জানান তিনি।



