ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সানজিদা আহমেদ তন্বি। বুধবার (১০ সেপ্টেম্বর) সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন সংশ্লিষ্টরা।
চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, তন্বি পেয়েছেন ১১ হাজার ৭৭৭ ভোট। গত বছর ১৫ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে ছাত্রলীগের হামলার শিকার হয়েছিলেন ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ২০১৯-২০ সেশনের এই শিক্ষার্থী। এরপর থেকেই তিনি হয়ে ওঠেন প্রতীকের মতো এক মুখ।
তন্বির সম্মানে তার ঘোষিত পদে কোনো প্রার্থী দেয়নি ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা গণতান্ত্রিক ছাত্রসংসদসহ ছয়টি প্যানেল। এই উদারতার জন্য সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তন্বি।
এদিকে, ডাকসুর ভিপি, জিএস ও এজিএস—এই তিনটি গুরুত্বপূর্ণ পদেই জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল।
- ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।
- জিএস পদে শিবিরের এস এম ফরহাদ পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট, ছাত্রদলের তানভীর বারী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট।
- এজিএস পদে মুহা. মহিউদ্দীন খান পেয়েছেন ১১ হাজার ৭৭২ ভোট।



