ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ–সভাপতি (ভিপি) পদে নির্বাচিত ছাত্রশিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম বলেছেন, “আমরা সবাই মিলে কাজ করব। শিক্ষার্থীদের প্রত্যাশাই আমাদের প্রত্যাশা। ক্যাম্পাসকে আমরা স্বপ্নের ক্যাম্পাসে পরিণত করব।”
আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম আরও বলেন, যে মতেরই হোক না কেন, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নির্বাচনে অংশ নেওয়া প্রত্যেকেই তাঁর উপদেষ্টা হিসেবে কাজ করবেন এবং তাঁরা সবার পরামর্শ নেবেন।
তিনি উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই জুলাই বিপ্লবের সূচনা হয়েছে এবং এখান থেকেই আগামী বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত হবে।
দায়িত্বপালনকালে মৃত্যুবরণ করা এক সাংবাদিক ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান সাদিক কায়েম। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের ধন্যবাদও জানান তিনি।



