tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন তথ্য নেই: রণধীর জয়সওয়াল

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন তথ্য নেই: রণধীর জয়সওয়াল

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকসের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে ভারতের কাছে এখনো নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে রণধীর জয়সওয়াল বলেন, এ বিষয়ে জানানোর মতো তাঁর কাছে আপাতত কোনো নতুন তথ্য নেই।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বাংলাদেশের পক্ষ থেকে ওই অধিবেশনে কে অংশ নেবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।

এ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিভিন্ন দেশ ও সরকারপ্রধানদের অংশগ্রহণের বিষয়ে মন্ত্রণালয় সময়মতো হালনাগাদ তথ্য জানাবে। এ বিষয়ে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ জানান তিনি।

এদিকে, দুই বছর বন্ধ থাকার পর আগামী অক্টোবর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে—গণমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদন নিয়েও প্রশ্ন করা হয় সংবাদ সম্মেলনে। জবাবে জয়সওয়াল বলেন, এ বিষয়েও তাঁর কাছে কোনো তথ্য নেই।

অন্যদিকে, বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাম্প্রতিক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে জয়সওয়াল বলেন, বৈঠকটি মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল।

তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাতে ভারত-বাংলাদেশ সম্পর্কের বিভিন্ন দিক, দুই দেশের অভিন্ন স্বার্থ, জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ এবং ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা হয়েছে।