সরকারের পরিবেশবান্ধব ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় সারাদেশের মাদ্রাসাগুলোতে বৃক্ষরোপণের বিস্তারিত তথ্য চেয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের আওতাধীন সব মাদ্রাসাকে জরুরি ভিত্তিতে নির্ধারিত ছকে এসব তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী দুই কর্মদিবসের মধ্যে তথ্য পাঠাতে হবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত একটি জরুরি চিঠি জারি করা হয়। অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ) মো. চাঁদ মিয়া স্বাক্ষরিত চিঠিতে দেশের সব মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও ইবতেদায়ী প্রধানদের দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য পাঠাতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের গত ৩ সেপ্টেম্বরের স্মারকের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অধিদপ্তরের আওতাধীন মাদ্রাসাগুলোতে এ পর্যন্ত কতসংখ্যক চারাগাছ রোপণ করা হয়েছে, সেগুলোর বর্তমান অবস্থা কী এবং রোপণ কার্যক্রমের অগ্রগতি কতটুকু—এসব তথ্য সংগ্রহ করে একটি সঠিক চিত্র তৈরি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
নির্ধারিত ছক পূরণ করে সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোকে mailto:ap-2@dme.gov.bd ই-মেইল ঠিকানায় তথ্য পাঠাতে হবে। ছক অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে যেসব তথ্য দিতে হবে, সেগুলোর মধ্যে রয়েছে—
- প্রতিষ্ঠানের নাম ও ধরন;
- জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রামের নাম;
- রোপণ করা গাছের প্রজাতির নাম ও মোট সংখ্যা;
- বৃক্ষরোপণের তারিখ;
- বৃক্ষরোপণের সুনির্দিষ্ট স্থান এবং ভৌগোলিক কো-অর্ডিনেট বা জিপিএস লোকেশন;
- চারাগাছের পরিচর্যার দায়িত্বে থাকা ব্যক্তি এবং মনিটরিং কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর।
বৃক্ষরোপণ কর্মসূচির কার্যকারিতা ও তদারকি নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব, সচিবের একান্ত সচিব, দেশের সব জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের ব্যক্তিগত সহকারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সূত্র জানিয়েছে, সরকারের জাতীয় সবুজায়ন কর্মসূচিকে সফল করার পাশাপাশি মাদ্রাসাগুলোতে রোপণ করা চারাগাছের যথাযথ পরিচর্যা, সংরক্ষণ ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ তথ্য সংগ্রহ ও মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে।



