জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামী এক বছর বিশ্বের সবচেয়ে প্রতিনিধিত্বশীল বহুপক্ষীয় এই ফোরামের কার্যক্রম পরিচালনা করবেন তিনি। এর মাধ্যমে প্রায় চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশ।
স্থানীয় সময় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ড. খলিলুর রহমানের সভাপতিত্বে ৮১তম অধিবেশনের কার্যক্রম শুরু হয়। দায়িত্ব গ্রহণের আগে তিনি নতুন অধিবেশনে নিজের পরিকল্পনা ও কার্যক্রম পরিচালনার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। পরে আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব নিয়ে সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতিত্ব শুরু করেন।
এর আগে গত ২ জুন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে জয়ী হন। নির্বাচনে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে পরাজিত করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপ্তির পর নবনির্বাচিত সভাপতি হিসেবে ড. খলিলুর রহমান আনুষ্ঠানিকভাবে ৮১তম অধিবেশনের দায়িত্ব গ্রহণ করেন।



