রাজধানীর মোহাম্মদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
আটক ব্যক্তিরা হলেন—মো. সজীব গাজী (২৭), মো. রাজন (৩০), মো. সোহেল (৩০), মো. জসিম (২৪), মো. মামুন (২৪), মো. ইব্রাহিম (২৩) এবং মো. রবিন (২০)।
ডিসি তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, মোহাম্মদপুর থানাধীন নবীনগর হাউজিং এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা একটি পেশাদার সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির পরিকল্পনার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় নিয়মিত মামলা হয়েছে এবং পলাতকদের গ্রেফতারে অভিযান চলছে।



