সামনে ভারতের কঠিন তিন পরীক্ষা। প্রথমে পানামা, এরপর বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি—পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। টানা তিনটি প্রীতি ম্যাচকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতের প্রধান কোচ খালিদ জামিল।
ঘোষিত দলে সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব রয়েছে কলকাতার দুই ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগান ও ইস্টবেঙ্গলের। দুই ক্লাব থেকে চারজন করে মোট আট ফুটবলার জাতীয় দলে ডাক পেয়েছেন। তবে সদ্য শেষ হওয়া ডুরান্ড কাপে সেরা গোলরক্ষকের পুরস্কার পাওয়া মোহনবাগানের বিশাল কাইথকে দলে রাখেননি কোচ।
ইস্টবেঙ্গল থেকে জাতীয় দলে জায়গা পেয়েছেন গোলরক্ষক প্রভসুখন গিল, ডিফেন্ডার আনোয়ার আলি ও জয় গুপ্ত এবং ফরোয়ার্ড এডমুন্ড লালরিনডিকা। মোহনবাগানের চার ফুটবলার হলেন অনিরুদ্ধ থাপা, আপুইয়া, সাহাল আব্দুল সামাদ ও মনবীর সিং।
ভারতের ব্যস্ত আন্তর্জাতিক সূচি শুরু হবে পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে। আগামী ২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এর আগে ১৪ সেপ্টেম্বর থেকে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে।
পানামার বিপক্ষে ম্যাচ শেষে কলকাতায় ফিরবে ভারতীয় দল। এরপর ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিলের বিপক্ষে খেলবে তারা। তিন দিন পর, ৬ অক্টোবর একই ভেন্যুতে উরুগুয়ের মুখোমুখি হবে ভারত।
ভারতের ২৬ সদস্যের দল
গোলরক্ষক: আলবিনো গোমস, গুরপ্রীত সিং সান্ধু, প্রভসুখন গিল, সোম কুনার।
ডিফেন্ডার: অভিষেক সিংহ থেকচাম, আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিজয় ভারগেস, মিংথানমাওয়াইয়া রালতে, জয় গুপ্ত, পরমবীর, রিকি মিতেই।
মিডফিল্ডার: অনিরুদ্ধ থাপা, আশিক কুরুনিয়ান, ফারুখ চৌধরী, আপুইয়া, ম্যাকার্টন নিকসন, মহম্মদ সানান, রিকি শাবং, সাহাল আব্দুল সামাদ।
ফরোয়ার্ড: এডমুন্ড লালরিনডিকা, ইরফান ইয়াদওয়াদ, মনবীর সিং, রহিম আলি, রায়ান উইলিয়ামস, বিক্রম প্রতাপ সিংহ।



