tanaka
প্রচ্ছদসারাদেশরগুনায় ঘরে স্ত্রীর মরদেহ, স্বামীকে পাওয়া গেছে ঝুলন্ত অবস্থায়

রগুনায় ঘরে স্ত্রীর মরদেহ, স্বামীকে পাওয়া গেছে ঝুলন্ত অবস্থায়

বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবাড়িয়া গ্রামে একটি বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে মোল্লাবাড়ি থেকে এই দুই জনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন স্বপন মোল্লা (৩২) এবং তার স্ত্রী আকলিমা (২৭)। পুলিশ জানায়, ঘটনাস্থলে তারা স্বপনের মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় এবং আকলিমার মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখতে পায়। ঘরের ভেতর থেকে দম্পতির দুই শিশু সন্তান – সাদিয়া (৬) এবং আফসানা (১) – কে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বপন মোল্লা ও আকলিমা একই ঘরে দুই মেয়েকে নিয়ে বসবাস করতেন। রবিবার সকালে বড় মেয়ে সাদিয়া ফুপু রাজিয়া বেগমকে গিয়ে জানায়, তার মা কথা বলছেন না। পরে রাজিয়া ঘরে ঢুকে এই মর্মান্তিক দৃশ্য দেখতে পান এবং চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে।

স্বজনরা জানান, স্বপন ও আকলিমার দাম্পত্য জীবনে মাঝে মাঝে কলহ লেগে থাকত, বিশেষ করে স্বপনের অনিয়মিত কাজের কারণে। তবে এই ঘটনার পেছনে প্রকৃত কারণ কী – পারিবারিক কলহ না কি অন্য কিছু – তা এখনও নিশ্চিত নয়।

নিহত আকলিমার বাবা মো. আব্বাস বলেন, ফজরের সময় মেয়ের বাড়িতে আসতে বলা হয়। গিয়ে মেয়ের নিথর দেহ দেখতে পান তিনি। তিনি বলেন, “পারিবারিক কলহ থেকে এমন কিছু ঘটতে পারে, তবে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা প্রয়োজন।”

এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, “দম্পতির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড না আত্মহত্যা – তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে এবং ঘটনাস্থলকে ক্রাইম সিন হিসেবে ঘিরে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, শনিবার রাতেই ঘটনাটি ঘটে থাকতে পারে।”