ভারতের পাঞ্জাবে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। রাজ্যটির অন্তত ২৩ জেলার ১ হাজার ৯৯৬টি গ্রাম এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির নিচে তলিয়ে গেছে প্রায় ১ লাখ ৭৫ হাজার হেক্টর কৃষিজমি, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৩ লাখ ৮৭ হাজার মানুষ।
রাজ্যের অর্থমন্ত্রী হারপাল সিং চীমা একে ‘গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা’ হিসেবে উল্লেখ করে জানিয়েছেন, কৃষিখাতসহ ঘরবাড়ি, অবকাঠামো ও গবাদিপশুরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বিশেষ করে হোশিয়ারপুর ও অমৃতসর জেলায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে—প্রতিটি জেলাতেই মারা গেছেন সাতজন করে। ভারী বর্ষণের পাশাপাশি হিমাচল প্রদেশ ও জম্মু-কাশ্মীরের পাহাড়ি অঞ্চলে প্রবল স্রোতের কারণে শতদ্রু, বিয়াস ও রাভি নদীসহ অন্যান্য মৌসুমি নদীগুলোর পানি বিপদসীমা ছাড়িয়ে যায়।
উদ্ধার ও ত্রাণ কার্যক্রম
এখন পর্যন্ত ২২ হাজার ৮৫৪ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্যজুড়ে স্থাপন করা হয়েছে প্রায় ২০০টি ত্রাণ শিবির, যেখানে আশ্রয় নিয়েছেন সাত হাজারের বেশি মানুষ। বন্যা মোকাবিলায় নিযুক্ত রয়েছে এনডিআরএফ-এর ২৪টি, এসডিআরএফ-এর দুটি দল এবং ১৪৪টি নৌকা।
সেনাবাহিনী, বর্ডার সিকিউরিটি ফোর্স, পাঞ্জাব পুলিশ ও স্থানীয় প্রশাসনও উদ্ধার তৎপরতায় যুক্ত রয়েছে।
রাজনৈতিক প্রতিক্রিয়া
বন্যার জন্য অবৈধ খনন কার্যক্রমকে দায়ী করে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানকে কড়া ভাষায় আক্রমণ করেছে আম আদমি পার্টি (আপ)। তাদের অভিযোগ, বিজেপি নেতারা দুর্গত এলাকায় শুধু ছবি তোলেন, কিন্তু কোনো ধরনের আর্থিক সাহায্যের ঘোষণা দেন না।



