বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে ও ওয়াকার ব্ল্যাঙ্কোর সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল। প্রায় দুই বছর ধরে তাদের ঘনিষ্ঠতা নিয়ে নানা জল্পনা চললেও এবার সেই সম্পর্কে ইতি টানার খবর সামনে এসেছে। জানা গেছে, দুজনের সম্মতিতেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিচ্ছেদের পরও তাদের মধ্যে কোনো তিক্ততা তৈরি হয়নি বলে দাবি সংশ্লিষ্ট সূত্রের।
২০২৪ সালের জুলাইয়ে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে অনন্যা ও ওয়াকারকে ঘনিষ্ঠভাবে দেখা যায়। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে বলিপাড়ায় গুঞ্জন শুরু হয়। পরে মুম্বাইয়ের বিভিন্ন অনুষ্ঠানেও দুজনকে একসঙ্গে দেখা যায়। তাদের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জল্পনা আরও বাড়ে।
যদিও শুরুতে নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি অনন্যা বা ওয়াকার। তবে পরবর্তী সময়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন ইঙ্গিত ভক্তদের কৌতূহল বাড়িয়ে দেয়। অনন্যার গলায় একবার এমন একটি পেনড্যান্ট দেখা যায়, যেখানে ‘এ ডব্লিউ’ অক্ষরের সঙ্গে হৃদয়ের চিহ্ন ছিল। অনেকেই এটিকে অনন্যা ও ওয়াকারের নামের আদ্যক্ষর হিসেবে দেখেছিলেন। তবে এ বিষয়ে অভিনেত্রী নিজে কোনো ব্যাখ্যা দেননি।
অনন্যার জন্মদিনেও সম্পর্কের গুঞ্জনে নতুন মাত্রা যোগ হয়। ওয়াকার সামাজিক মাধ্যমে অভিনেত্রীর একটি ছবি প্রকাশ করে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং ভালোবাসার ইঙ্গিতপূর্ণ বার্তা দেন। এরপর তাদের ঘনিষ্ঠতা আর খুব একটা গোপন থাকেনি। প্রকাশ্যে সম্পর্কের ঘোষণা না দিলেও বিভিন্ন জায়গায় একসঙ্গে উপস্থিতি তাদের প্রেমের জল্পনাকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে।
তবে এবার সেই সম্পর্কই শেষ হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের দাবি, পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই অনন্যা ও ওয়াকার আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের মধ্যে কোনো বিরোধ বা তিক্ততা নেই বলেও জানানো হয়েছে। যদিও বিচ্ছেদের এই খবর নিয়ে এখন পর্যন্ত অনন্যা পান্ডে কিংবা ওয়াকার ব্ল্যাঙ্কোর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ওয়াকারের আগে অনন্যার নাম জড়িয়েছিল অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে। ২০২২ সাল থেকে তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়। পর্তুগালে একসঙ্গে ছুটি কাটানোর ছবি প্রকাশ্যে আসার পর সেই গুঞ্জন আরও জোরালো হয়েছিল। এ ছাড়া মুম্বাইয়ে একসঙ্গে নৈশভোজ ও সিনেমা দেখতে যাওয়ার মতো বিভিন্ন মুহূর্তেও তাদের দেখা যায়।
তবে শেষ পর্যন্ত ২০২৪ সালের মার্চে অনন্যা ও আদিত্যর সম্পর্ক ভেঙে যাওয়ার খবর প্রকাশিত হয়। সেবারও দুজনের কেউ প্রকাশ্যে তাদের সম্পর্ক বা বিচ্ছেদ নিয়ে কোনো মন্তব্য করেননি।



