বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), সংসদ টেলিভিশনসহ সরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে সরকারি দলের পাশাপাশি আনুপাতিক হারে বিরোধীদলগুলোর বক্তব্য ও কর্মকাণ্ড প্রচারের নির্দেশ দিয়েছে সরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকারি টেলিভিশনগুলোতে শুধু সরকারি দলের মন্ত্রী ও সংসদ সদস্যদের খবর প্রচার করা হবে না। সংসদের বিরোধীদলের সদস্যদের পাশাপাশি সংসদের বাইরে থাকা বিরোধীদলগুলোর বক্তব্য ও কর্মকাণ্ডও আনুপাতিক হারে প্রচার করতে হবে।
তিনি বলেন, সরকারবিরোধী হোক কিংবা সরকারের পক্ষে—বিরোধীদলগুলো জনগণের স্বার্থে যেসব বক্তব্য দিচ্ছে, সেগুলোও তুলে ধরতে হবে। তার মতে, এটাই গণতন্ত্রের অংশ। ইয়াসের খান চৌধুরী জানান, এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে এবং মঙ্গলবার থেকেই সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
গণমাধ্যমের স্বাধীনতা থাকবে
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশের অগ্রগতির জন্য গণমাধ্যম যে বিষয়গুলো তুলে ধরতে চায়, তা প্রকাশের স্বাধীনতা রয়েছে। সরকারের সমালোচনা করার অধিকারও গণমাধ্যমের আছে এবং এই স্বাধীনতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
একই সঙ্গে সরকারের ইতিবাচক কর্মকাণ্ডও গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান ইয়াসের খান চৌধুরী। তার মতে, সরকারের ভালো কাজগুলো সংবাদে উঠে এলে তা আরও ভালো কাজ করার অনুপ্রেরণা তৈরি করবে। তবে তিনি বলেন, সরকার ও রাষ্ট্র এক বিষয় নয়। রাষ্ট্রের ক্ষতি হয় বা রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে—এমন কোনো সংবাদ বা বিষয় প্রচার করা ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।
‘কাউকে নিয়ন্ত্রণ করা হবে না’
একই সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বলেন, গত ছয় মাসে সরকার বা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গণমাধ্যমকে নির্দিষ্ট কোনো সংবাদ প্রকাশের নির্দেশ দেওয়া হয়নি। তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকেও তিনি স্পষ্ট করে বলেছেন, কাউকে নিয়ন্ত্রণ করা হবে না এবং কারও মুখ বন্ধ করে দেওয়া হবে না।
সাংবাদিকদের সংবাদ প্রকাশের বিষয়ে সরকার নির্দেশনা দিতে পারে না উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকেরা তাদের নিজস্ব বিবেচনায় সংবাদ প্রকাশ করবেন। সরকার তাদের সংবাদ ‘ডিকটেট’ বা মন্তব্য করার অবস্থানে নেই বলেও জানান মন্ত্রী।



