tanaka
প্রচ্ছদঅন্যান্যবিশ্বের নান্দনিক মরুদ্যান ‘মিরাকল গার্ডেন’

বিশ্বের নান্দনিক মরুদ্যান ‘মিরাকল গার্ডেন’

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত দুবাই মিরাকল গার্ডেন বিশ্বের অন্যতম বৃহৎ ও দৃষ্টিনন্দন ফুলের বাগান হিসেবে পরিচিত। দুবাইল্যান্ড এলাকায় গড়ে ওঠা এই বিশাল বাগানটি লাখ লাখ বাহারি ফুল ও ব্যতিক্রমী ফুলের কাঠামোর জন্য পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র।

দুবাই এমনিতেই বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন নগরী। বুর্জ খলিফা, মরুভূমির ডেজার্ট সাফারি, মেরিনায় নৌভ্রমণসহ নানা আকর্ষণের পাশাপাশি মিরাকল গার্ডেনও শহরটির অন্যতম দর্শনীয় স্থান।

ফুলে সাজানো নানা শিল্পকর্ম

মিরাকল গার্ডেনের বিশেষত্ব হলো ফুল দিয়ে তৈরি নানা ধরনের বিশাল কাঠামো। কোথাও ঘোড়া, কোথাও উড়োজাহাজ, আবার কোথাও বিভিন্ন প্রাণী ও আকর্ষণীয় স্থাপনার অবয়ব তৈরি করা হয়েছে ফুলগাছ দিয়ে।

ফুলের বৈচিত্র্য, নকশা ও রঙের সমাহার পুরো বাগানটিকে একটি বিশাল প্রাকৃতিক শিল্পকর্মে পরিণত করেছে। মধ্যপ্রাচ্যের মরুভূমির পরিবেশে এমন বিশাল ফুলের বাগান পর্যটকদের কাছে বিশেষ বিস্ময়ের বিষয়।

এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ছাড়াও ইউরোপ ও আমেরিকা থেকে আসা পর্যটকেরাও বাগানটির সৌন্দর্য উপভোগ করতে ভিড় করেন। ফুলপ্রেমীদের কাছে এটি তাই অন্যতম আকর্ষণীয় গন্তব্য।

বাংলাদেশি পর্যটকদেরও আকর্ষণ

বাংলাদেশ থেকেও প্রতিবছর অনেক পর্যটক দুবাই মিরাকল গার্ডেন দেখতে যান। এমনই একজন বাংলাদেশি পর্যটক মো. ইফতেখার ওরফে সোহেল। তিনি চার বন্ধুর সঙ্গে দুবাই ভ্রমণে গিয়ে বুর্জ খলিফা দেখার পর মিরাকল গার্ডেন পরিদর্শন করেন।

ইফতেখার জানান, দুবাইয়ে পর্যটকদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, বিমানবন্দর দিয়ে প্রবেশের পর পর্যটকদের বিনামূল্যে ১ জিবি ইন্টারনেটসহ একটি সিম দেওয়ার ব্যবস্থাও রয়েছে।

বিমানবন্দরে হয়রানি বন্ধের পরামর্শ

তবে বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নের ক্ষেত্রে শুধু পর্যটনকেন্দ্র আধুনিকায়ন করলেই হবে না বলে মনে করেন এই বাংলাদেশি পর্যটক। তার মতে, বিদেশগামী ও দেশে ফেরা যাত্রীদের বিমানবন্দরে হয়রানি বন্ধ করাও জরুরি।

তিনি দাবি করেন, বিদেশ ভ্রমণের সময় বাংলাদেশি যাত্রীদের নানা ধরনের প্রশ্ন ও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়। তার অভিযোগ, এ ধরনের হয়রানির কারণে বিদেশ ভ্রমণকারীরা অস্বস্তিতে পড়েন।

দেশের পর্যটন খাতকে আরও আকর্ষণীয় করে তুলতে পর্যটন স্পটগুলোর আধুনিকায়নের পাশাপাশি বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ ও সেবার মান উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।