যুক্তরাষ্ট্রে উচ্চ দক্ষতার বিদেশি কর্মীদের জন্য ব্যবহৃত এইচ-১বি ভিসার আবেদন ফি এক লাখ ডলারের বেশি করার উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
প্রস্তাবিত নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি এইচ-১বি ভিসা আবেদনের জন্য ১ লাখ ৩ হাজার ২৬৫ ডলার ফি নেওয়া হতে পারে। এ-সংক্রান্ত প্রস্তাব যুক্তরাষ্ট্রের সরকারি প্রকাশনা ফেডারেল রেজিস্টারে প্রকাশ করা হয়েছে।
তবে প্রস্তাবিত ফি এখনই কার্যকর হচ্ছে না। এর ওপর আগামী ৩০ দিন জনসাধারণের মতামত নেওয়া হবে। এরপর চূড়ান্ত অনুমোদন পেলে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) এটি কার্যকর করতে পারবে।
এইচ-১বি ভিসা মূলত প্রযুক্তি, শিক্ষা, গবেষণা ও অন্যান্য বিশেষায়িত পেশায় বিদেশি কর্মী নিয়োগের জন্য মার্কিন প্রতিষ্ঠানগুলো ব্যবহার করে। নতুন ফি কার্যকর হলে এসব প্রতিষ্ঠানের বিদেশি কর্মী নিয়োগের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে।
আগেও এক লাখ ডলারের ফি আরোপ হয়েছিল
গত বছর ট্রাম্প প্রশাসন সাময়িকভাবে এইচ-১বি ভিসার ওপর ১ লাখ ডলারের ফি আরোপ করেছিল। তবে আদালতের রায়ের পর ওই ফি আদায় বন্ধ হয়ে যায়।
গত জুনে একটি ফেডারেল আদালত ওই ফি অবৈধ ঘোষণা করে প্রশাসনকে তা আদায় থেকে বিরত থাকার নির্দেশ দেন। বিষয়টি বর্তমানে আপিল আদালতে পর্যালোচনাধীন। এ ছাড়া অন্য একটি আদালতেও এই ফি নিয়ে পৃথক আইনি লড়াই চলছে।
নতুন প্রস্তাব কার্যকর হলে গত বছরের সাময়িক ১ লাখ ডলারের ফি-এর পরিবর্তে ১ লাখ ৩ হাজার ২৬৫ ডলারের স্থায়ী ফি চালু হতে পারে।
কেন এত বিতর্ক?
ট্রাম্প ও তাঁর সমর্থকদের দাবি, অনেক প্রতিষ্ঠান এইচ-১বি ভিসার মাধ্যমে তুলনামূলক কম খরচে বিদেশি কর্মী নিয়োগ করে। এর ফলে মার্কিন নাগরিকদের চাকরির সুযোগ কমে যায় বলে তারা মনে করেন।
অন্যদিকে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর বক্তব্য, কিছু বিশেষায়িত পেশায় যুক্তরাষ্ট্রে পর্যাপ্ত দক্ষ কর্মী পাওয়া যায় না। ফলে এসব খাতে বিদেশি কর্মী নিয়োগের জন্য এইচ-১বি ভিসা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাদের মতে, ভিসা ব্যবস্থাকে কঠোর বা ব্যয়বহুল করা হলে মার্কিন প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় দক্ষ কর্মী নিয়োগে সমস্যায় পড়তে পারে।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যবসায়ী সংগঠন ইউএস চেম্বার অব কমার্স, কয়েকটি অঙ্গরাজ্য, শ্রমিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান এই ফি-এর বিরুদ্ধে আদালতে মামলা করেছে।
মামলাকারীদের দাবি, কংগ্রেসের অনুমতি ছাড়া ডিএইচএস এ ধরনের ফি বা কর আরোপ করতে পারে না। একই সঙ্গে প্রেসিডেন্টের অভিবাসন নিয়ন্ত্রণের ক্ষমতা ব্যবহার করে এইচ-১বি ভিসা কর্মসূচির মূল আইনকে পাশ কাটানোও সম্ভব নয়।
তবে ট্রাম্প প্রশাসনের দাবি, প্রস্তাবিত ফি কোনো সাধারণ কর নয়। বিদেশিদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সীমিত করার প্রেসিডেন্টের ক্ষমতার আওতায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
কমেছে এইচ-১বি ভিসার আবেদন
ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির প্রভাব এইচ-১বি ভিসার চাহিদাতেও পড়েছে। মার্কিন সরকারি তথ্য অনুযায়ী, গত বছর প্রায় ৩ লাখ ৪৪ হাজার এইচ-১বি ভিসার জন্য নিয়োগকর্তারা নিবন্ধন করেছিলেন। ২০২৪ সালের তুলনায় এই সংখ্যা ২৫ শতাংশের বেশি কম।
২০২৩ সালে প্রায় ৭ লাখ ৯৪ হাজার ভিসার জন্য আবেদন করা হয়েছিল। সে তুলনায় গত বছরের আবেদন ছিল অর্ধেকেরও কম।
এদিকে ট্রাম্প প্রশাসন এইচ-১বি আবেদনকারীদের আরও কঠোরভাবে যাচাই করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি এমন একটি নতুন নির্বাচন পদ্ধতির প্রস্তাব করা হয়েছে, যেখানে বেশি দক্ষতা ও বেশি বেতন পাওয়া কর্মীদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।
আগস্টের শুরুতে ডিএইচএস আরও একটি পৃথক নিয়মের প্রস্তাব করেছে। এতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত এইচ-১বি কর্মীদের ভিসার মেয়াদ বাড়ানো কিংবা বিদেশে থাকা কর্মীকে যুক্তরাষ্ট্রে স্থানান্তরের আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ ৪ হাজার ৫০০ ডলার পর্যন্ত অতিরিক্ত ফি যোগ হতে পারে।
সব মিলিয়ে, নতুন প্রস্তাব কার্যকর হলে যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মী নিয়োগের ব্যয় ব্যাপকভাবে বেড়ে যেতে পারে। তবে এর আগে প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন পেতে হবে। পাশাপাশি এ নিয়ে চলমান আইনি চ্যালেঞ্জগুলোরও নিষ্পত্তি প্রয়োজন হবে।
সূত্র: আল-জাজিরা, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস



