নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, কোনো রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত থাকলে তাদের নিবন্ধন ও দলীয় প্রতীকও স্থগিত থাকবে। এ অবস্থায় তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে প্রতীক ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানো যাবে কিনা—তা সময়েই নির্ধারিত হবে।
এমতাবস্থায় আওয়ামী লীগের স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি তাদের প্রতীক নিয়ে অংশগ্রহণ করতে পারবে না। যদিও কমিশনার সরাসরি দলের নাম উল্লেখ করেননি, তবে স্থগিত থাকা দলের বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।
বুধবার (৩ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি আরও বলেন, আরপিও সংশোধনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা ভোটকেন্দ্র নির্ধারণ করবেন। আদালত কর্তৃক ফেরারি ঘোষিত কেউ, লাভজনক পদে থাকা ব্যক্তি কিংবা সরকারি মালিকানাধীন (৫০ শতাংশ বা তার বেশি) প্রতিষ্ঠানে কর্মরত কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না। এছাড়া প্রার্থীরা যদি হলফনামায় তথ্য গোপন করেন বা মিথ্যা তথ্য দেন, তবে ইসি ব্যবস্থা নেবে এবং প্রয়োজনে তাদের সংসদ সদস্য পদ বাতিল করা হবে। প্রার্থীর জামানত ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে।
তিনি আরও জানান, একক প্রার্থী থাকলে ব্যালটে ‘না’ ভোটের ব্যবস্থা থাকবে। জোটবদ্ধভাবে নির্বাচন করলে প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীকেই লড়বেন। ইভিএম-সংক্রান্ত সব বিধান বাতিল করা হয়েছে। নির্বাচনী ফল গণনায় গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকতে পারবেন। পোস্টার ব্যবহারের বিধানও বাতিল করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে আচরণবিধি ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া হবে। নিষিদ্ধ বা স্থগিত কার্যক্রমে থাকা কোনো দলের নিবন্ধন ও প্রতীক কার্যকর থাকবে না বলেও উল্লেখ করেন তিনি।



