tanaka
প্রচ্ছদজাতীয়র‌্যাব বিলুপ্ত করে গঠিত হচ্ছে এসআরবি

র‌্যাব বিলুপ্ত করে গঠিত হচ্ছে এসআরবি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১৭ আগস্ট) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিসভায় অনুমোদিত খসড়া অনুযায়ী, বিদ্যমান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতায় এসআরবি নামে নতুন এই বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠা করা হবে। ইউনিটটির কার্যক্রম ও সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। এতে নাগরিকদের অভিযোগের পাশাপাশি এসআরবি সদস্যদের অভ্যন্তরীণ অভিযোগ ও সংক্ষোভ নিষ্পত্তির প্রাতিষ্ঠানিক ব্যবস্থা থাকবে।

খসড়ায় আরও বলা হয়েছে, র‌্যাব বিলুপ্ত হয়ে এসআরবি গঠিত হলে বিদ্যমান র‌্যাবের জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুযোগ-সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব, রেকর্ডসহ সংশ্লিষ্ট অন্যান্য সম্পদ নতুন ইউনিটের কাছে হস্তান্তর করা হবে।

নতুন বিধিমালা প্রণীত না হওয়া পর্যন্ত র‌্যাব-সংক্রান্ত বিভাগীয় কার্যধারার বিদ্যমান বিধিমালা প্রয়োজনীয় অভিযোজনসহ বহাল রাখার ব্যবস্থাও রাখা হয়েছে।

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে খসড়াটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে নতুন কাঠামোর আওতায় র‌্যাবের পরিবর্তে এসআরবি কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।