সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত আব্দুর রহমানের (৩০) লাশ তিন দিন পর বাংলাদেশে ফিরেছে।
মঙ্গলবার রাত ১টার দিকে আন্তর্জাতিক পিলার ১৩৩৯-এর কাছে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করে।
কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আউয়াল জানান, সন্ধ্যা থেকেই বিজিবি, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা সীমান্তে লাশ ফেরতের অপেক্ষায় ছিলেন। গভীর রাতে মেঘালয় পুলিশ বাক্সবন্দি মরদেহ নিয়ে আসার পর আনুষ্ঠানিকতা শেষে বিজিবির উপস্থিতিতে কানাইঘাট থানা পুলিশ লাশ গ্রহণ করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তা নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
গত শুক্রবার সীমান্তের ১৩৩৮-৩৯ নম্বর পিলারের মাঝামাঝি ভারতের ভেতরে প্রায় ৩০০ গজ দূরে গুলি চালায় বিএসএফ। এতে কানাইঘাট বড়চাতল পূর্ব গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে আব্দুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। ভারতীয় ব্যবসায়ীদের কাছ থেকে মহিষ কিনে ফেরার পথে এ হামলার শিকার হন তিনি।
গুলিতে আহত অন্যরা কোনোভাবে বাংলাদেশে ফিরতে পারলেও আব্দুর রহমানের মরদেহ সীমান্তে পড়ে থাকে। পরে বিজিবি ডোনা ক্যাম্প বিএসএফের সঙ্গে যোগাযোগ করলে কয়েক দফা আলোচনার পর পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত দেওয়া হয়।



