tanaka
প্রচ্ছদজাতীয়ছাত্রনেতা নাদিমুল হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মিঠু গ্রেপ্তার

ছাত্রনেতা নাদিমুল হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মিঠু গ্রেপ্তার

ছাত্রনেতা নাদিমুল হক এলেম হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সারোয়ার উদ্দিন আহমেদ মিঠুকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তিনি রাজধানীর গেন্ডারিয়ার নারিন্দা রোডের বাসিন্দা এবং মৃত আব্দুল মোতালেব সর্দারের ছেলে। মিঠু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডের সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, ২০২৩ সালের ১৯ জুলাই পুরান ঢাকার কবি নজরুল কলেজ সংলগ্ন পাতলা খান লেনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বৈষম্য বিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী এবং শেখ বোরহান উদ্দিন কলেজের সাবেক শিক্ষার্থী নাদিমুল হক এলেম।

ঘটনার পর নিহতের মা ইসমত আরা বাদী হয়ে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৮৯ জনকে এজাহারনামীয় আসামি করা হয়। একই ঘটনায় ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর নেতা শামসুল আলম আরেফিন আরও একটি মামলা দায়ের করেন।

সিআইডি জানায়, মামলার তদন্তের দায়িত্ব বর্তমানে ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের হাতে রয়েছে। গ্রেপ্তারকৃত মিঠুকে রিমান্ড চেয়ে আদালতে উপস্থাপন করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ মামলায় অপরাধের পুঙ্খানুপুঙ্খ তদন্ত, অন্যান্য জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে সিআইডির অভিযান অব্যাহত রয়েছে।