প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে শিশু-কিশোরদের জন্য খেলার উপযোগী মাঠ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
তিনি বলেন, “প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি করতে হবে। এর মাধ্যমে আমাদের কিশোর-কিশোরীদের জন্য খেলাধুলার সুযোগ নিশ্চিত করা হবে। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্যও বিভিন্ন আয়োজন শুরু করা হয়েছে।”
শুক্রবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈরের পূর্বচান্দরা খেলার মাঠে বাংলাদেশ টেপবল ক্রিকেট বোর্ড (বিটিসিবি) আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক আরও বলেন, দেশের ৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। চলতি অর্থবছরে ১০টি অঞ্চলের ১০টি জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের কাজ শুরু করা হবে। খেলাধুলার মাধ্যমে রাজনৈতিক বিভাজন ও প্রতিহিংসা দূর করে একটি মানবিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, “খেলাধুলা শুধু শারীরিক বিকাশ নয়, এটি মানুষের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও ইতিবাচক পরিবর্তন আনার অন্যতম মাধ্যম।”
অনুষ্ঠানে পূর্বচান্দরা স্পোর্টিং ক্লাবের আয়োজনে বিএনপি নেতা সাইজুদ্দিন আহম্মেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবর রহমান, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম ফখরুল হোসাইন, বাংলাদেশ টেপবল ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান সারোয়ার হোসেন আকুল, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিনসহ অনেকে।
এদিকে বাংলাদেশ টেপবল ক্রিকেট বোর্ড আয়োজিত গ্র্যান্ড ফাইনালে মুখোমুখি হয় টিম গ্যালাক্সি কুড়িগ্রাম ও রোজার রাইডার্স কুষ্টিয়া। প্রথমে ব্যাট করে টিম গ্যালাক্সি নির্ধারিত ২০ ওভারে ২৫৬ রান সংগ্রহ করে। জবাবে রোজার রাইডার্স কুষ্টিয়া ২৪৪ রান করতে সক্ষম হয়।
ফলে ১২ রানের ব্যবধানে জয় পায় টিম গ্যালাক্সি কুড়িগ্রাম। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।



