tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিদেড় মাসের মধ্যে সর্বোচ্চে স্বর্ণের দাম

দেড় মাসের মধ্যে সর্বোচ্চে স্বর্ণের দাম

ডলারের দুর্বলতা এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে টানা চতুর্থ দিনের মতো বেড়েছে স্বর্ণের দাম। বৃহস্পতিবার (৬ আগস্ট) মূল্যবান ধাতুটি প্রায় দেড় মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩৬ মিনিটে স্পট গোল্ডের দাম ০ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৫৪ দশমিক ৯৮ ডলারে দাঁড়ায়। দিনের শুরুতে স্বর্ণের দাম ১৮ জুনের পর সর্বোচ্চ পর্যায়ে ওঠে।

এদিকে, যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচারও ০ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩১২ দশমিক ৮০ ডলারে লেনদেন হয়। এর আগে বুধবার স্বর্ণের দাম ফেব্রুয়ারির পর একদিনে সবচেয়ে বড় উল্লম্ফন দেখেছিল।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনা এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর আশায় বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। একই সঙ্গে মার্কিন ডলারের দুর্বলতা স্বর্ণের দাম বাড়াতে সহায়ক ভূমিকা রাখছে।

বাজার বিশ্লেষণা প্রতিষ্ঠান আইজির বিশ্লেষক টনি সাইকামোর বলেন, মধ্যপ্রাচ্যে সম্ভাব্য কূটনৈতিক সমাধান তেলের বাজারে চাপ কমাতে পারে। এতে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার বৃদ্ধির প্রয়োজনীয়তা কমবে, যা স্বর্ণবাজারের জন্য ইতিবাচক।

রয়টার্স জানায়, ইরান ও ওমানের মধ্যে একটি প্রস্তাবিত চুক্তির অগ্রগতি হয়েছে। চুক্তিটি বাস্তবায়িত হলে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে ইরান। পাঁচ মাস ধরে চলা যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের অবসান ঘটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, বিনিয়োগকারীদের দৃষ্টি এখন যুক্তরাষ্ট্রের জুলাই মাসের নন-ফার্ম পেরোলস (কর্মসংস্থান) প্রতিবেদন প্রকাশের দিকে। এর আগে প্রকাশিত এডিপি প্রতিবেদনে দেখা গেছে, জুলাই মাসে দেশটির বেসরকারি খাতে কর্মসংস্থান বৃদ্ধির গতি কমেছে।

বিশ্লেষকদের ধারণা, কর্মসংস্থানের তথ্য প্রত্যাশার তুলনায় দুর্বল হলে স্বর্ণের দাম আরও বাড়তে পারে। তবে প্রত্যাশার চেয়ে ভালো তথ্য এলে সুদের হার নিয়ে বাজারের ধারণা বদলে যেতে পারে, যা স্বল্পমেয়াদে স্বর্ণের দামের ওপর চাপ সৃষ্টি করতে পারে।

অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স রূপার দাম ০ দশমিক ৫ শতাংশ কমে ৬১ দশমিক ৭৮ ডলারে নেমে এসেছে। প্লাটিনামের দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ৭৫৫ দশমিক ১৮ ডলারে পৌঁছেছে, যা জুনের পর সর্বোচ্চ। এছাড়া প্যালাডিয়ামের দাম টানা তৃতীয় দিনের মতো বেড়ে ০ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ১ হাজার ৭৪৮ দশমিক ৮ ডলারে লেনদেন হয়েছে।

সূত্র: রয়টার্স