যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেইন এলাকায় ভয়াবহ দাবানলে অন্তত ৬০০টি স্থাপনা পুড়ে ধ্বংস হয়েছে। এ ঘটনায় প্রায় ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
অঙ্গরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর স্পোকেইনে দাবানলে প্রায় ৮ দশমিক ২ বর্গমাইল এলাকা পুড়ে গেছে। তবে পুরো ওয়াশিংটন অঙ্গরাজ্যে দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকার পরিমাণ প্রায় ৩৯০ বর্গমাইল। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় ও ফেডারেল সংস্থাগুলোকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।
দাবানলের কারণে একটি ভেটেরানস হাসপাতালের রোগীদেরও নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে।
সেনেটর মারিয়া ক্যান্টওয়েল সতর্ক করে বলেছেন, শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসের কারণে আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও কঠিন হতে পারে। এরই মধ্যে ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসন জরুরি অবস্থা ঘোষণা করেছেন। স্পোকেইন কনভেনশন সেন্টারে একটি আশ্রয়কেন্দ্রও খোলা হয়েছে।
ওল্ড ট্রেইলস, ফেয়ারভিউ ও মিডউভিউসহ কয়েকটি এলাকায় দাবানল সক্রিয় রয়েছে। এসব এলাকায় হাজারো মানুষ বিদ্যুৎহীন অবস্থায় আছেন। বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে স্পোকেইন ছাড়াও পশ্চিম আইডাহো ও পূর্ব ওরেগনে বজ্রপাত থেকে সৃষ্ট আরেকটি বড় দাবানল গত ১০ দিনে প্রায় ৫২৫ বর্গমাইল তৃণভূমি পুড়িয়ে দিয়েছে। এতে শত শত বাড়ি ও গবাদিপশুর খামার হুমকির মুখে পড়েছে।
আবহাওয়া শুষ্ক ও উষ্ণ থাকায় ওই এলাকায় তাপমাত্রা ৯০ ডিগ্রি ফারেনহাইটের বেশি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় ন্যাশনাল ওয়েদার সার্ভিস একাধিক রাজ্যে বায়ুমানের অবনতি, তাপপ্রবাহ এবং রেড ফ্ল্যাগ ফায়ার সতর্কতা জারি করেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান



