ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদকাসক্ত দুই ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাদের পুলিশের হাতে তুলে দিয়েছেন এক অসহায় মা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দুই ভাইকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২ আগস্ট) দুপুরে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুলাল মিয়া (৪৫) ও মতি মিয়া (২৬)-কে এ সাজা দেন।
দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের মৃত আজদু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মা পারভীন আক্তারের পাঁচ ছেলের মধ্যে দুলাল ও মতি কয়েক বছর ধরে মাদকাসক্ত হয়ে পড়েন। মাদকের টাকা জোগাড় করতে গিয়ে তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছিলেন।
পরিবারের পক্ষ থেকে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করা হলেও কোনো পরিবর্তন হয়নি। বরং দিন দিন তাদের আচরণ আরও বেপরোয়া হয়ে ওঠে। মাদকের টাকার জন্য তারা প্রায়ই মাকে মারধর করতেন এবং সংসারে অশান্তি সৃষ্টি করতেন।
সর্বশেষ রোববার সকালে মাদকের জন্য মায়ের কাছে টাকা দাবি করেন দুই ভাই। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন এবং মাকে হত্যার হুমকি দেন। পরে নিরুপায় হয়ে প্রতিবেশীদের সহায়তায় মা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের অপরাধে দুই ভাইকে ছয় মাসের কারাদণ্ড দেন।
এর আগে গত শুক্রবার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতোকুড়া গ্রামে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বরজু মিয়া নামের এক বাবা তাঁর ছেলে মো. নজরুলকে পুলিশের হাতে তুলে দেন। পরে ভ্রাম্যমাণ আদালত নজরুলকে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম জানান, মাদক সেবনের অপরাধে দুলাল মিয়া ও মতি মিয়াকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।



