নগদ ইসলামিকের উদ্যোগে আয়োজিত ‘সন্তানের কণ্ঠে কুরআন তিলাওয়াত’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে নগদ উদ্যোক্তাদের ৯ সন্তান বিজয়ী হয়েছে। সারাদেশের ১০টি অঞ্চল থেকে প্রায় ৩ হাজার প্রতিযোগীর অংশগ্রহণের পর চূড়ান্ত পর্বে সেরা ৯ জন নির্বাচিত হয়।
সম্প্রতি ঢাকার হোটেল শেরাটনে জমকালো আয়োজনের মাধ্যমে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি শুরু হওয়া এই প্রতিযোগিতা ২৮ জুলাই ২০২৬ চূড়ান্ত পর্বের মাধ্যমে শেষ হয়।
নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যেই নগদ ইসলামিক এ আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ, সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহ, চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহিন সারওয়ার ভূইঁয়াসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চূড়ান্ত পর্বে ৩০ জন প্রতিযোগী বিচারকদের সামনে সরাসরি কুরআন তিলাওয়াত পরিবেশন করে। তিনটি বয়স বিভাগ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ৯ জনকে পুরস্কৃত করা হয়।
প্রথম স্থান অর্জনকারীরা পেয়েছেন ৫০ হাজার ১ টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীরা ৩০ হাজার ১ টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারীরা পেয়েছেন ২০ হাজার ১ টাকা করে। এর সঙ্গে দেওয়া হয় ক্রেস্ট ও সনদপত্র। এছাড়া ফাইনালে অংশ নেওয়া ৩০ জন প্রতিযোগী প্রত্যেকে ১০ হাজার টাকা করে সম্মাননা পুরস্কার পান।
প্রতিযোগীদের মূল্যায়নে শুদ্ধ মাখরাজ, তাজবীদের অনুসরণ, তিলাওয়াতের শুদ্ধতা, কণ্ঠস্বরের সৌন্দর্য ও সামগ্রিক পরিবেশনা বিবেচনা করা হয়।
নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, এ আয়োজন ইসলামী সংস্কৃতির প্রসারের পাশাপাশি নগদের বৃহৎ পরিবারের মধ্যে একটি বন্ধন তৈরি করেছে। তিনি জানান, ভবিষ্যতে মাদ্রাসা থেকে পাস করা ছয়জনকে নগদের টেরিটরি ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রতিযোগিতার তিন বিভাগে বিজয়ীরা হলেন—
ক বিভাগ:
- প্রথম: ঢাকা উত্তর অঞ্চলের মো. শিহাব উদ্দিনের সন্তান নুসাইবা
- দ্বিতীয়: ময়মনসিংহ অঞ্চলের মিজানুর রহমানের সন্তান হুমাইরা জান্নাত গুলফাম
- তৃতীয়: সিলেট অঞ্চলের সাইফুর রহমানের সন্তান মো. সালমান আর. রহমান
খ বিভাগ:
- প্রথম: বরিশাল অঞ্চলের মোহাম্মদ এমদাদুল হকের সন্তান মোহাম্মদ খালিদ তালুকদার
- দ্বিতীয়: সিলেট অঞ্চলের আফসার হোসেনের সন্তান মরিয়ম আক্তার
- তৃতীয়: রংপুর অঞ্চলের মোহাম্মদ ওমর ফারুক প্রধানের সন্তান মো. আবু রাইয়ান প্রধান
গ বিভাগ:
- প্রথম: ময়মনসিংহ অঞ্চলের মোহাম্মদ দুলালের সন্তান আবিদুর রহমান ইয়াসিন
- দ্বিতীয়: কুমিল্লা অঞ্চলের মোহাম্মাদ মঞ্জুর সন্তান রিয়ামুল ইসলাম
- তৃতীয়: খুলনা অঞ্চলের মোহাম্মদ ফারুকের সন্তান মোহাম্মদ জামিলুস সিয়াম
নগদ ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম শহীদুল ইসলাম বারাকাতী বলেন, শিশুদের ছোটবেলা থেকেই শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শেখানো এবং নৈতিক জীবন গঠনে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। তিনি জানান, ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে।



