tanaka
প্রচ্ছদজাতীয়গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক হচ্ছে কাল থেকে

গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক হচ্ছে কাল থেকে

দেশের সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে আগামীকাল শনিবার (১ আগস্ট) থেকে সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। নতুন নিবন্ধন ও ফিটনেস সনদ নবায়নের সময় জিপিএস সংযুক্তির প্রমাণপত্র এবং মোবাইল অ্যাপে এর কার্যকারিতা দেখাতে হবে।

তবে বিশ্লেষকদের মতে, শুধু প্রযুক্তি নির্ভর উদ্যোগ নিলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। এর পাশাপাশি কার্যকর তদারকি, স্বচ্ছতা, জবাবদিহি এবং সড়ক পরিবহন খাতে কাঠামোগত সংস্কার নিশ্চিত করা জরুরি।

দেশের সড়কে প্রতিদিনই গণপরিবহনের নানা অনিয়মের চিত্র দেখা যায়। যাত্রী ওঠানোর প্রতিযোগিতায় বাসের বেপরোয়া রেষারেষি, নির্ধারিত স্থান ছাড়া যাত্রী ওঠানামা এবং সড়কের একাধিক লেন দখল করে দাঁড়িয়ে থাকার কারণে প্রায়ই তৈরি হয় দীর্ঘ যানজট। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা এবং ব্যাহত হয় স্বাভাবিক যান চলাচল।

এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব গণপরিবহনে জিপিএস ডিভাইস স্থাপন ও সচল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম খান জানান, বিভিন্ন পরিবহন কোম্পানির গাড়িতে জিপিএস স্থাপনের বিষয়ে এরই মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। তবে ১ আগস্ট থেকেই সব গাড়িতে পুরোপুরি এ ব্যবস্থা চালু করা সম্ভব হবে না। এজন্য আরও কিছু সময় প্রয়োজন হবে।

সরকারের নির্দেশনা অনুযায়ী, জিপিএস সংযুক্ত ও সচল না থাকলে কোনো গণপরিবহনের নতুন নিবন্ধন, ফিটনেস সনদ প্রদান বা নবায়ন করা হবে না। এ বিষয়ে পরিবহন মালিক ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বিআরটিএ চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, নতুন কোনো যানবাহন নিবন্ধনের জন্য এলে সেটিতে জিপিএস সংযুক্ত থাকতে হবে। একইভাবে ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রেও জিপিএস বাধ্যতামূলক করা হয়েছে। বিষয়টি যাচাই করতে বিআরটিএ নিজস্ব প্রযুক্তিগত ব্যবস্থাও তৈরি করছে, যাতে সহজেই নিশ্চিত হওয়া যায় কোনো গাড়িতে জিপিএস কার্যকর আছে কি না।

এ উদ্যোগের বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যকর সংস্কারও প্রয়োজন।

রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, শুধু প্রযুক্তি ব্যবহার করলেই সড়কে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার করতে হবে। সুশাসনের সঙ্গে সমন্বয় করে প্রযুক্তি ব্যবহার করা গেলেই এর সুফল পাওয়া সম্ভব।

বিশ্লেষকদের মতে, সরকারের এ উদ্যোগ ইতিবাচক হলেও পুরোনো ও ঝুঁকিপূর্ণ যানবাহনে জিপিএস সংযোজন কতটা কার্যকর ভূমিকা রাখবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাই প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সড়ক পরিবহন খাতে দীর্ঘমেয়াদি সংস্কার, নিয়মিত তদারকি এবং কঠোর নজরদারি নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তারা।