ব্রাজিলিয়ান ফুটবলের অন্যতম বড় তারকা নেইমার জুনিয়রের অবদানকে স্মরণীয় করে রাখতে বিশেষ সম্মান জানাল তার শৈশবের ক্লাব সান্তোস। ক্লাবের ঐতিহাসিক হোম ভেন্যু ভিলা বেলমিরোর ‘মেমোরিয়াল দাস কনকুইস্তাস’-এ উন্মোচন করা হয়েছে নেইমারের একটি দৃষ্টিনন্দন আবক্ষ ভাস্কর্য।
ব্রাজিলের হয়ে ১০ নম্বর জার্সিতে এবং সান্তোসের সাদা-কালো জার্সিতে নেইমারের অসাধারণ কীর্তির স্বীকৃতি হিসেবেই এই উদ্যোগ নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
শৈশবের প্রিয় ক্লাবের কাছ থেকে পাওয়া এই সম্মানে আবেগাপ্লুত হয়েছেন নেইমার নিজেও। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, ‘আজ সত্যিই চমকে গেছি। নিজের ছোটবেলার ভালোবাসার ক্লাব থেকে এমন সম্মান পাওয়া কতটা বিশেষ অনুভূতির, তা ভাষায় প্রকাশ করা কঠিন। সান্তোসের গৌরবময় ইতিহাসের অংশ হতে পারা আমার জন্য অত্যন্ত আনন্দ ও সম্মানের।’
নিজের সাফল্যের জন্য সৃষ্টিকর্তা, পরিবার ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নেইমার আরও বলেন, ‘প্রথমে ওপরওয়ালাকে ধন্যবাদ। এরপর আমার পরিবার এবং সান্তোসের অসংখ্য ভক্তকে, যারা একাডেমিতে আমার প্রথম দিন থেকে আজ পর্যন্ত সবসময় পাশে থেকেছেন। আমরা একসঙ্গে অনেক স্মরণীয় মুহূর্ত উপভোগ করেছি। কঠিন সময়ও এসেছে, কিন্তু আপনারা কখনো আমার ওপর আস্থা হারাননি।’
সমর্থকদের প্রতি নিজের দায়বদ্ধতার কথা উল্লেখ করে নেইমার বলেন, ‘আমি আসলে একজন সমর্থকের মতোই, যে প্রতিটি মুহূর্তে মাঠে নেমে ক্লাবের জন্য লড়াই করে। মানুষ হিসেবে আমি ভুল করেছি, ভবিষ্যতেও ভুল হতে পারে, তবে আমার সবসময় একটাই চাওয়া ছিল—সান্তোসের সর্বোচ্চ ভালো হোক। ধন্যবাদ সান্তোস পরিবার, সবকিছুর জন্য ভালোবাসা।’
ভাস্কর্যের বেদিতে সান্তোসের হয়ে নেইমারের জেতা গুরুত্বপূর্ণ ট্রফিগুলোর স্মৃতিও তুলে ধরা হয়েছে। সেখানে স্থান পেয়েছে ২০১০, ২০১১ ও ২০১২ সালের পলিস্তা চ্যাম্পিয়নশিপ, ২০১০ সালের কোপা দো ব্রাজিল এবং ২০১১ সালের ঐতিহাসিক কোপা লিবার্তাদোরেস জয়ের কীর্তি।
সান্তোসের হয়ে নেইমার এখন পর্যন্ত ২৭৭ ম্যাচে ১৫৮ গোল করেছেন। ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় বর্তমানে নবম স্থানে রয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।



