ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে একটি ভুয়া পদত্যাগপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে ভারত সরকার এটিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দেশটির সরকারি ফ্যাক্টচেক সংস্থা এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়। খবর হিন্দুস্তান টাইমস।
ভাইরাল হওয়া তথাকথিত পদত্যাগপত্রে ভারতের জাতীয় প্রতীক অশোক চক্র এবং প্রধানমন্ত্রী মোদির স্বাক্ষরের আদলে একটি চিহ্ন ব্যবহার করা হয়। সেখানে দাবি করা হয়, ‘ব্যক্তিগত ও রাজনৈতিক দায়বদ্ধতার’ কারণে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।
তবে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)-এর ফ্যাক্টচেক ইউনিট স্পষ্টভাবে জানিয়েছে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ ধরনের কোনো পদত্যাগপত্র জারি করা হয়নি এবং নথিতে থাকা স্বাক্ষরও আসল নয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পিআইবি বলেছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বাক্ষর করা একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। প্রধানমন্ত্রী এ ধরনের কোনো চিঠি জারি করেননি এবং এতে তার কোনো প্রকৃত স্বাক্ষরও নেই।’
এ ধরনের বিভ্রান্তিকর তথ্য বা নথি শেয়ার করার আগে সরকারি ও নির্ভরযোগ্য উৎস থেকে সত্যতা যাচাই করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
এর একদিন আগেও নরেন্দ্র মোদিকে নিয়ে একটি ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। ভিডিওতে দাবি করা হয়, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের হুমকি দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদি।
পরে এ নিয়েও পৃথক বিবৃতি দিয়ে পিআইবি জানায়, ভিডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং সেগুলোতে প্রধানমন্ত্রীর প্রকৃত বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। সংস্থাটি সবাইকে এ ধরনের ভুয়া কনটেন্টে বিভ্রান্ত না হয়ে তথ্য যাচাই করে দেখার পরামর্শ দিয়েছে।



