চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের প্রেক্ষাপটে হাটহাজারী উপজেলা প্রশাসন বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশে ১৪৪ ধারা জারি করেছে। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন এ আদেশ জারি করেন।
এই আদেশ অনুযায়ী, রোববার দুপুর ২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকবে। এ সময়ে উক্ত এলাকায় সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক বা আগ্নেয়াস্ত্র বহন এবং পাঁচজন বা ততোধিক লোকের একত্রে চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
সংঘর্ষের সূত্রপাত ঘটে শনিবার রাতে, যখন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাসায় ফিরতে দেরি হওয়ায় ভবনের দারোয়ান মারধর করে। এ ঘটনার জেরে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে বহু শিক্ষার্থী আহত হন, যাদের মধ্যে অন্তত ২০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়। আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির দুই সদস্যও রয়েছেন।
রোববার সকালেও নতুন করে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় স্থানীয়দের ধাওয়ার মুখে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন অসুস্থ হয়ে পড়েন।
পরিস্থিতি বিবেচনায় রোববার বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেন উপ-উপাচার্য (প্রশাসন)। তবে ক্লাস এবং শাটল ট্রেন পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে।



