tanaka
প্রচ্ছদশিক্ষাঙ্গনচবিতে সংঘর্ষের পর সব পরীক্ষা স্থগিত

চবিতে সংঘর্ষের পর সব পরীক্ষা স্থগিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। রোববার (৩১ আগস্ট) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং পরিস্থিতি বিবেচনা করে রোববারের সব পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরে পরীক্ষা সংক্রান্ত নতুন সিদ্ধান্ত জানানো হবে।

ঘটনাটি ঘটেছে শনিবার রাত দেড়টার দিকে। বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে দারোয়ান মারধরের ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অন্তত ৬০ শিক্ষার্থী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের কাছে একটি ভাড়া বাসায় থাকেন। রাত ১২টার দিকে বাসায় প্রবেশের সময় দারোয়ানের সঙ্গে তার তর্ক হয় এবং দারোয়ান তাকে মারধর করেন। পরে গেটে থাকা শিক্ষার্থীরা দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তিনি পালানোর চেষ্টা করেন। এর পর শিক্ষার্থীরা তাকে ধাওয়া করলে স্থানীয় লোকজন ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। সংঘর্ষে প্রায় ২০ শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের শরীরে দেশীয় অস্ত্রের আঘাত রয়েছে।