গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি করছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রি. জে. মো. আসাদুজ্জামান রবিবার (৩১ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানান।
ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, নুরের চারটি সমস্যা রয়েছে: নাক ও চোয়ালের হাড় ভেঙে যাওয়া, চোখে চোট, এবং মস্তিষ্কে রক্তক্ষরণ। তবে এসব পরিস্থিতি ধীরে ধীরে ভালো হচ্ছে। তিনি আরও জানান, নুরের সিটিস্ক্যান রিপোর্ট ভালো এসেছে, কিছুটা ট্রমা থাকলেও ৬ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সব ধরনের চিকিৎসা চলছে।
এর আগে, গত শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় কাকরাইলে জাপা ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। গণঅধিকার পরিষদের একটি মিছিল জাপা কার্যালয়ের সামনে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় নুরুল হকসহ কয়েকজন আহত হন। গুরুতর অবস্থায় নুরসহ ৬ জনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।



