রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পালটাপালটি ধাওয়া ও আইনশৃঙ্খলা বাহিনীর মারধরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে।
শুধু রাজনৈতিক মহল নয়, সাধারণ মানুষ এবং শোবিজ অঙ্গনের তারকারাও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তাদের একজন, জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।
শনিবার (৩০ আগস্ট) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ দেশের রাজনীতির সংস্কৃতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন:
“আগে ভাবতাম রাজনৈতিক দলের মন্ত্রীরা দায় নিয়ে পদত্যাগ করে না, তারা নির্লজ্জ। এখন দেখি ঐ চেয়ার নির্লজ্জদের জন্যই।”
পোস্টে কোনো নাম সরাসরি উল্লেখ না করলেও অনুরাগীদের মন্তব্য থেকে বোঝা যাচ্ছে, তিনি সরকারপক্ষের আইন উপদেষ্টাকে ইঙ্গিত করছেন। নেটিজেনরা মনে করছেন, নুরের ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা জানানোই পোস্টের পেছনের কারণ।
আসিফের স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। পোস্টে মাত্র ৭ ঘণ্টায় প্রায় এক লাখ রিয়েক্ট এবং ৬ হাজারের বেশি মন্তব্য এসেছে।
প্রসঙ্গত, নুরের ওপর হামলার সময় তার মুখ থেকে বুক পর্যন্ত রক্ত বেরিয়েছে, নাকও ফেটে যায়। তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হয়, বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন এবং তার জ্ঞান ফিরেছে।



