tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশসিলেটে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ আজ

সিলেটে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ আজ

গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে সিলেটে বিভাগীয় সমাবেশ করছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

শনিবার (২৫ জুলাই) দুপুর ২টায় নগরীর সরকারি আলিয়া মাদরাসা মাঠে এ সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। দেশের বিভিন্ন বিভাগে ধারাবাহিক কর্মসূচি পালনের পর সিলেটের সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হবে বলে জানিয়েছে জামায়াত। এতে জোটভুক্ত দলগুলোর কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণারও সম্ভাবনা রয়েছে।

সমাবেশকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে সিলেটজুড়ে প্রচারণা চালিয়েছে জামায়াত ও শরিক দলগুলো। শুক্রবার (২৪ জুলাই) আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতা ও জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যেই তাদের আন্দোলন অব্যাহত রয়েছে। জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে সরকার ব্যর্থ হয়েছে এবং সংবিধান সংস্কারের প্রশ্নে প্রতিশ্রুতি থেকে সরে এসেছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, সিলেটের সমাবেশে বিভাগের দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য, অবকাঠামোগত বঞ্চনা ও স্থানীয় জনগণের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরা হবে। পাশাপাশি জাতীয় রাজনীতির সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও জোটের নেতারা বক্তব্য দেবেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সভাপতিত্ব করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আব্দুল কাইয়ুম সুবহানী, খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজী, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আমজাদুল ইসলাম চান। এছাড়া ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগের নেতারাও সমাবেশে অংশ নেবেন।