মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে লোহিত সাগরে জাহাজ ও তেলের ট্যাংকারে হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি সতর্ক করে বলেছেন, এসব হামলা বিশ্ব বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা এবং ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য গুরুতর হুমকি তৈরি করছে।
শুক্রবার (২৮ জুলাই) নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক জানান, লোহিত সাগরে চলমান হামলাগুলো ইয়েমেনকে আরও গভীরভাবে আঞ্চলিক সংঘাতে জড়িয়ে ফেলতে পারে। একই সঙ্গে দেশটিতে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া এ পরিস্থিতির কারণে গুরুতর অর্থনৈতিক, মানবিক ও পরিবেশগত প্রভাব দেখা দিতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
দুজারিক বলেন, বাব আল-মান্দেব প্রণালি এবং এর আশপাশের আন্তর্জাতিক জলপথে জাহাজ চলাচলের অধিকার ও নিরাপত্তা দ্রুত পুনঃপ্রতিষ্ঠা করা জরুরি। তিনি জানান, মহাসচিব আন্তোনিও গুতেরেস অবিলম্বে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের অনুরোধ করেছেন।
বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে পরিচিত লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ পণ্যবাহী জাহাজ চলাচল করে। ফলে এই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা, জ্বালানি পরিবহন এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।



