রাষ্ট্রপতির পদ থেকে শুক্রবার পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তবে পদত্যাগের পরও আইন অনুযায়ী অবসরভাতা, চিকিৎসাসুবিধাসহ বেশ কিছু সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার থাকবে তাঁর।
সাবেক রাষ্ট্রপতিদের সুযোগ-সুবিধা নির্ধারিত হয়েছে ‘রাষ্ট্রপতির অবসর ভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন’-এ।
আইন অনুযায়ী, কোনো ব্যক্তি রাষ্ট্রপতি পদে কমপক্ষে ছয় মাস দায়িত্ব পালন শেষে পদত্যাগ করলে অথবা মেয়াদ পূর্ণ করলে মৃত্যুর আগ পর্যন্ত তিনি রাষ্ট্রপতি হিসেবে সর্বশেষ প্রাপ্ত মাসিক বেতনের ৭৫ শতাংশ হারে অবসরভাতা পাবেন। ‘দ্য প্রেসিডেন্টস (রিমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৫ (মে ২০১৬ পর্যন্ত সংশোধিত)’ অনুযায়ী বর্তমানে রাষ্ট্রপতির মাসিক বেতন ১ লাখ ২০ হাজার টাকা। সে হিসাবে মো. সাহাবুদ্দিন অবসরের পর মাসে ৯০ হাজার টাকা অবসরভাতা পাবেন।
আইনে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতি হওয়ার আগে কোনো ব্যক্তি অন্য কোনো চাকরি বা পদ থেকে অবসর নিয়ে অবসরভাতা পেয়ে থাকলে তিনি রাষ্ট্রপতির অবসরভাতা অথবা আগের অবসরভাতার মধ্যে যেকোনো একটি গ্রহণ করতে পারবেন।
কোনো সাবেক রাষ্ট্রপতি অবসরভাতা গ্রহণের পর মারা গেলে তাঁর বিধবা স্ত্রী বা ক্ষেত্রবিশেষে বিপত্নীক স্বামী আমৃত্যু ওই অবসরভাতার দুই-তৃতীয়াংশ হারে মাসিক ভাতা পাওয়ার অধিকারী হবেন।
এককালীন আনুতোষিকের সুযোগ
অবসরভাতা পাওয়ার অধিকারী কোনো সাবেক রাষ্ট্রপতি চাইলে মাসিক ভাতার পরিবর্তে এককালীন আনুতোষিক গ্রহণ করতে পারেন। এ জন্য তাঁকে অবসরভাতার প্রাধিকার পাওয়ার এক মাসের মধ্যে এ বিষয়ে ইচ্ছা প্রকাশ করতে হবে।
আইন অনুযায়ী, আনুতোষিকের পরিমাণ হবে এক বছরের অবসরভাতার সমপরিমাণ অর্থকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের বছরসংখ্যা দিয়ে গুণ করে নির্ধারিত অর্থ। দায়িত্ব পালনের সময় গণনার ক্ষেত্রে কোনো আংশিক বছরকে পূর্ণ বছর হিসেবে ধরা হবে।
কোনো ব্যক্তি ছয় মাসের বেশি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করার পর আনুতোষিক বা অবসরভাতা গ্রহণের সিদ্ধান্ত না জানিয়েই মারা গেলে, তাঁকে আনুতোষিক গ্রহণে আগ্রহী ছিলেন বলে গণ্য করা হবে। সে ক্ষেত্রে নির্ধারিত অর্থ তাঁর মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারীরা পাবেন।
অন্যান্য সরকারি সুবিধা
অবসর গ্রহণের পর সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আরও কিছু সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে—
- একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেনডেন্ট (সহকারী);
- সরকারি নির্ধারিত হারে দাপ্তরিক ব্যয়;
- একজন মন্ত্রীর সমপরিমাণ চিকিৎসাসুবিধা;
- সরকারি অনুষ্ঠানে যোগদানের জন্য বিনা মূল্যে সরকারি যানবাহন ব্যবহারের সুবিধা;
- আবাসস্থলে একটি টেলিফোন সংযোগ এবং নির্ধারিত সীমা পর্যন্ত বিল পরিশোধের সুবিধা;
- কূটনৈতিক পাসপোর্ট;
- দেশের অভ্যন্তরে ভ্রমণের সময় সরকারি সার্কিট হাউস বা রেস্টহাউসে বিনা ভাড়ায় থাকার সুবিধা।
সাবেক রাষ্ট্রপতির স্ত্রীও চিকিৎসাসুবিধা, কূটনৈতিক পাসপোর্ট এবং দেশের ভেতরে সরকারি সার্কিট হাউস বা রেস্টহাউসে বিনা খরচে থাকার সুবিধা পাবেন।
কখন এসব সুবিধা বাতিল হতে পারে
আইনে সাবেক রাষ্ট্রপতির এসব সুবিধা না পাওয়ার বিষয়েও কিছু শর্ত উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপতির দায়িত্ব ছাড়ার পর কেউ যদি এমন কোনো সরকারি পদ, দপ্তর বা মর্যাদায় দায়িত্ব নেন, যার জন্য সংযুক্ত তহবিল থেকে বেতন বা অন্য কোনো সুবিধা পান, তাহলে তিনি রাষ্ট্রপতির অবসরভাতা ও অন্যান্য সুবিধা পাবেন না।
এ ছাড়া অবসরভাতার অধিকার পাওয়ার পর আদালতের রায়ে নৈতিক স্খলনজনিত কোনো অপরাধে দণ্ডিত হলে এসব সুবিধা বাতিল হবে।
একইভাবে, উচ্চ আদালত যদি ঘোষণা করেন যে কোনো ব্যক্তি অসাংবিধানিক বা অবৈধ উপায়ে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হয়েছিলেন, তাহলেও তিনি সাবেক রাষ্ট্রপতির জন্য নির্ধারিত এসব সুযোগ-সুবিধা পাবেন না।



