tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকইয়েমেনের হোদেইদা বন্দরে সৌদি আরবের বিমান হামলা

ইয়েমেনের হোদেইদা বন্দরে সৌদি আরবের বিমান হামলা

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কার প্রেক্ষাপটে ইয়েমেনের হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরনগরীতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। শুক্রবার (২৪ জুলাই) গভীর রাতে চালানো এ হামলার পর হুথি-নিয়ন্ত্রিত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরবকে দায়ী করে কঠোর পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হুথি-নিয়ন্ত্রিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার গভীর রাতে চালানো এই হামলার জন্য সৌদি আরবকে চড়া মূল্য দিতে হবে এবং এর কঠোর জবাব দেওয়া হবে। তাদের দাবি, হোদেইদাকে লক্ষ্যবস্তু করে রিয়াদ কার্যত উত্তেজনার জবাবে আরও উত্তেজনা সৃষ্টির নীতি গ্রহণ করেছে।

হুথি-সমর্থিত আল মাসিরাহ টেলিভিশনের তথ্য অনুযায়ী, হামলার মূল লক্ষ্য ছিল টেলিযোগাযোগ কর্তৃপক্ষের বিভিন্ন স্থাপনা। পাশাপাশি লোহিত সাগরের কামারান দ্বীপেও বিমান হামলা চালানো হয়েছে। সেখানে অন্তত একজন নারী আহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

অন্যদিকে, প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হোদেইদা বন্দর এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট বন্দরটিকে সরাসরি লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে।

হোদেইদা বন্দর হুথি-নিয়ন্ত্রিত উত্তর ইয়েমেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বন্দর দিয়েই ওই অঞ্চলে অধিকাংশ বাণিজ্যিক পণ্য, জ্বালানি এবং আন্তর্জাতিক মানবিক সহায়তা পৌঁছে থাকে।

এদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বর্তমান উত্তেজনার জন্য হুথিদের দায়ী করেছেন। তিনি লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের ওপর হুথিদের সাম্প্রতিক হামলাকে ‘কাপুরুষোচিত’ ও ‘বেপরোয়া’ বলে উল্লেখ করেন।

এক বিবৃতিতে তিনি বলেন, সৌদি নেতৃত্বাধীন জোট প্রয়োজনীয় সব ধরনের সামরিক ও অভিযানিক ব্যবস্থা অব্যাহত রাখবে। হুথিরা তাদের শত্রুতামূলক কর্মকাণ্ড চালিয়ে গেলে তা কঠোরভাবে দমন করা হবে।

এর আগে বুধবার হুথিরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে লোহিত সাগরে চলাচলকারী কয়েকটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা চালায়। এতে অন্তত একটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়। হুথিদের দাবি, ওই জাহাজগুলো তাদের ঘোষিত নৌ-অবরোধ অমান্য করেছিল।

গত ২০ জুলাই থেকে লোহিত সাগরের এই নৌপথে অবরোধ কার্যকর করে হুথি গোষ্ঠী। এর এক সপ্তাহ আগে সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার জন্য তারা সৌদি আরবকে দায়ী করে আসছে।