tanaka
প্রচ্ছদজাতীয়২৪ ঘণ্টায় ৬ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের রেকর্ড

২৪ ঘণ্টায় ৬ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের রেকর্ড

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে গত ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। সোমবার (২০ জুলাই) থেকে আগামী পাঁচ দিন পর্যন্ত মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে দেশের অধিকাংশ স্থানে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার সকাল থেকেই রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে নগরীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় জনজীবন ও যান চলাচলে বিঘ্ন ঘটছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃষ্টিপাতের পরিমাণ ১ থেকে ১০ মিলিমিটার হলে তা হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার হলে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার হলে মাঝারি ধরনের ভারী, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার হলে ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি হলে তাকে অতি ভারী বৃষ্টিপাত হিসেবে গণ্য করা হয়।

সর্বশেষ ২৪ ঘণ্টার বৃষ্টিপাতের হিসাবে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রংপুর বিভাগের ডিমলায়, যেখানে ১০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি অতি ভারী বৃষ্টিপাতের মধ্যে পড়ে। একই সময়ে রংপুরে ৭২ মিলিমিটার এবং তেঁতুলিয়ায় ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এ ছাড়া রাজশাহী বিভাগের ঈশ্বরদীতে ১১ মিলিমিটার, ময়মনসিংহে ২৯ মিলিমিটার, সিলেটে ৩৩ মিলিমিটার, কুমিল্লায় ৫৬ মিলিমিটার, কক্সবাজারে ৫১ মিলিমিটার এবং হাতিয়ায় ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

খুলনা বিভাগে খুলনায় ৬২ মিলিমিটার, যশোরে ২৫ মিলিমিটার এবং বরিশাল বিভাগের ভোলায় ২৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের শ্রেণিবিন্যাস অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডিমলায় অতি ভারী এবং রংপুর, তেঁতুলিয়া, কুমিল্লা, কক্সবাজার, হাতিয়া ও খুলনায় ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।