গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এক বিবৃতিতে সরকার জানায়, “গণঅধিকার পরিষদের সভাপতি, জুলাই আন্দোলনের অগ্রগামী নেতা এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার রক্ষায় অবিচল সংগ্রামী নুরুল হক নুরের ওপর নৃশংস হামলার আমরা গভীরভাবে নিন্দা জানাই।”
বিবৃতিতে আরও বলা হয়, “অন্তর্বর্তীকালীন সরকার দেশের জনগণকে আশ্বস্ত করছে যে, এ ঘটনার বিষয়ে দ্রুততম সময়ে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত চালানো হবে। যে কোনো প্রভাব বা অবস্থানেই হোক, হামলায় জড়িত ব্যক্তি কোনোভাবেই জবাবদিহিতার বাইরে থাকতে পারবে না। ন্যায়বিচার নিশ্চিত করা হবে একটি স্বচ্ছ ও দ্রুত প্রক্রিয়ায়।”
এ হামলাকে ‘বর্বরোচিত আক্রমণ’ হিসেবে আখ্যায়িত করে বিবৃতিতে বলা হয়, “এই হামলা শুধু নুরুল হক নুরের ওপর নয়, বরং গণতান্ত্রিক আন্দোলনের চেতনাকে আঘাত করেছে, সেই আন্দোলন যা জাতিকে ন্যায় ও জবাবদিহির সংগ্রামে ঐক্যবদ্ধ করেছিল।”
তাছাড়া, নুরুল হক নুর এবং তার দলের আহত নেতাকর্মীদের চিকিৎসার জন্য একটি বিশেষায়িত মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, এবং তাদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করা হবে। প্রয়োজনে তাদের উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রীয় খরচে বিদেশেও পাঠানো হবে। “এই কঠিন সময়ে, নুরুল হক নুর, আহত নেতাকর্মী এবং তাদের পরিবারের প্রতি জাতির সমর্থন ও প্রার্থনা রয়েছে,” বিবৃতিতে উল্লেখ করা হয়।
সরকারের বিবৃতিতে আরও বলা হয়, “নুরুল হক নুর ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে এবং পরবর্তীতে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। ছাত্রনেতা হিসেবে তিনি তরুণ সমাজকে একত্রিত করেছিলেন এবং নির্ভীকভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। জুলাই আন্দোলনে তিনি গ্রেফতার হয়ে কারাগারে নির্যাতনের শিকার হন, যা আমাদের জনগণের স্বাধীন, সুষ্ঠু ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠে। তার সাহস এবং আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরকাল স্মরণীয় থাকবে।”
জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক এবং সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, “এই ঐক্য আমাদের সংগ্রামের অর্জন রক্ষা করবে, জনগণের ম্যান্ডেটবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করবে এবং গণতান্ত্রিক উত্তরণের পথ নিশ্চিত করবে।”
সবশেষে, অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করেছে যে, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। “এটি আমাদের জনগণের কাছে অঙ্গীকার। নির্বাচন বিলম্বিত বা ব্যাহত করার যেকোনো ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করা হবে। জনগণের ইচ্ছা সঠিকভাবে প্রতিফলিত হবে, এবং কোনো অশুভ শক্তি গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করতে পারবে না।”



