রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ পরিস্থিতির সূচনা হয়।
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে। এতে সাংবাদিকসহ বহুজন আহত হয়েছেন। খবর লেখা পর্যন্ত ওই এলাকায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল শেষ হওয়ার পর একদল লোক জাপা কার্যালয়ে হামলা চালায় এবং নিচতলায় আগুন ধরিয়ে দেয়। পুলিশ দ্রুত ধাওয়া দিয়ে হামলাকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং আগুন নেভায়। এরপর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
জাপার নেতারা অভিযোগ করেছেন, গণঅধিকার পরিষদসহ কয়েকটি দলের কর্মীরা এ হামলায় জড়িত। তবে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে সাংবাদিকদের জানান, তাদের বিক্ষোভ কর্মসূচি কার্যালয়ের সামনে সমাপ্ত ঘোষণা করা হয়েছিল।



