নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করার শেষ সময় আগামী ৩১ জুলাই। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ মিলবে না।
ইসি জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ১৮ বছর বা তার বেশি বয়সী যোগ্য নাগরিকদের ভোটার হিসেবে নিবন্ধনের কার্যক্রম চলছে। ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী যেসব নাগরিক এখনো ভোটার হননি, তারা আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করলে নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন।
এদিকে নির্বাচনকে ঘিরে ভোটকেন্দ্র চূড়ান্ত করার প্রস্তুতিও শুরু করেছে কমিশন। আগামী ১০ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। এরপর আপত্তি গ্রহণ ও যাচাই-বাছাই শেষে ২৭ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা। এ-সংক্রান্ত নির্দেশনা সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষর করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছেন।
অন্যদিকে ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা বা থানা নির্বাচন অফিসে এ তালিকা প্রদর্শন করা হবে। তালিকায় কারও নাম বাদ পড়লে বা তথ্যে ভুল থাকলে ২৪ আগস্ট পর্যন্ত নতুন করে অন্তর্ভুক্তি বা তথ্য সংশোধনের আবেদন করা যাবে। সব আবেদন নিষ্পত্তির পর ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।
নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আগামী অক্টোবর থেকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে আগস্টের মাঝামাঝি বা শেষ সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।
বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৪৩ জন।



