tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা সরকারি কর্মকর্তারা আগের মতোই পাবেন

গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা সরকারি কর্মকর্তারা আগের মতোই পাবেন

সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তারা আগের মতোই প্রতি মাসে ৫০ হাজার টাকা করে গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা পাবেন।

এর আগে গত ৯ জুলাই অর্থ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয়কে পাঠানো এক চিঠিতে মাসিক ভাতা ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২৫ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছিল। তবে সেই প্রস্তাব এখন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়কে এ বিষয়ে নতুন চিঠি পাঠিয়ে আগের নির্দেশনা প্রত্যাহারের কথা জানানো হয়।

গত এক সপ্তাহ ধরে গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা কমানো নিয়ে অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যে একাধিক দফায় চিঠি চালাচালি হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। এই সুবিধা শুধু বেসামরিক প্রশাসনের কর্মকর্তারাই নন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও পেয়ে থাকেন।

অর্থ বিভাগের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ৯ জুলাইয়ের প্রস্তাবের ভিত্তিতে ভাতা কমানোর বিষয়ে আর কোনো কার্যক্রম নেওয়া হবে না। ফলে মাসিক রক্ষণাবেক্ষণ ভাতা আগের মতোই ৫০ হাজার টাকা বহাল থাকবে।

এদিকে এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে সশস্ত্র বাহিনী বিভাগ, নির্বাচন কমিশন, জুডিশিয়াল সার্ভিসসহ সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হওয়ার কথা ছিল। তবে সিদ্ধান্ত প্রত্যাহারের পর বৈঠকটি স্থগিত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) মো. রাহেদ হোসেন গণমাধ্যমকে জানান, গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর বিষয়টি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা আহ্বান করা হয়েছিল। কিন্তু সরকার সিদ্ধান্ত পরিবর্তন করায় সভাটি আর অনুষ্ঠিত হয়নি।

সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, বর্তমানে একটি ব্যক্তিগত গাড়ির জ্বালানি, চালকের বেতন, মেরামত ও যন্ত্রাংশসহ মাসিক ব্যয় প্রায় ৬৫ থেকে ৭০ হাজার টাকা। সে তুলনায় সরকারের দেওয়া ৫০ হাজার টাকাও প্রকৃত ব্যয়ের চেয়ে কম। ভাতা অর্ধেকে নামিয়ে আনা হলে কর্মকর্তাদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হতো।

তাদের ভাষ্য, সরকার যেহেতু কর্মকর্তাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়ি দিয়েছে, তাই রক্ষণাবেক্ষণ ব্যয় কমিয়ে দিলে অনেকের পক্ষে গাড়ি ব্যবহার করা কঠিন হয়ে পড়ত। এসব বিষয় সরকারের উচ্চপর্যায়ে তুলে ধরার পরই সিদ্ধান্তটি বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে প্রাধিকারভুক্ত কর্মকর্তাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়ি কেনার ক্ষেত্রে ৩০ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়া হতো। গত ৯ জুলাই সরকার সেই সুবিধা বন্ধ করে দেয়। ওই ঋণের আওতায় কেনা গাড়ির রক্ষণাবেক্ষণের জন্যই বর্তমানে মাসিক ৫০ হাজার টাকা ভাতা দেওয়া হচ্ছে।

অর্থ বিভাগ প্রথমে যুক্তি দিয়েছিল, সীমিত সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবহার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এই ভাতা ২৫ হাজার টাকায় নামিয়ে আনার সুযোগ রয়েছে। তবে সংশ্লিষ্টদের মতামত ও আপত্তির পর শেষ পর্যন্ত সেই উদ্যোগ থেকে সরে এসেছে সরকার।