সংযুক্ত আরব আমিরাতে পর্যটকদের যাতায়াত আরও সহজ করতে সব দেশের নাগরিকদের জন্য স্পনসর বা স্থানীয় আয়োজক ছাড়াই ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিজিট ভিসা চালু করেছে দেশটি। এর ফলে একটি ভিসার মাধ্যমেই পাঁচ বছর ধরে একাধিকবার দুবাইসহ পুরো সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) প্রবেশের সুযোগ পাবেন ভ্রমণকারীরা।
সম্প্রতি দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। নতুন এই ভিসার আওতায় একজন দর্শনার্থী প্রতিটি সফরে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করতে পারবেন।
প্রয়োজনে এই অবস্থানের মেয়াদ আরও ৯০ দিন পর্যন্ত বাড়ানো যাবে। তবে এক্ষেত্রে শর্ত হলো, কোনো এক বছরের মধ্যে মোট অবস্থানের সময় ১৮০ দিনের বেশি হতে পারবে না।
জিডিআরএফএ জানিয়েছে, বিশ্বের যেকোনো দেশের নাগরিক এই দীর্ঘমেয়াদি ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীদের নির্ধারিত কাগজপত্র জমা দেওয়ার পাশাপাশি আর্থিক সক্ষমতার প্রমাণও দেখাতে হবে।
ভিসা আবেদনের জন্য প্রয়োজন হবে সদ্য তোলা রঙিন ছবি, কমপক্ষে ছয় মাস মেয়াদ রয়েছে এমন পাসপোর্টের কপি এবং আর্থিক সচ্ছলতার প্রমাণ হিসেবে এমন একটি ব্যাংক স্টেটমেন্ট, যেখানে ন্যূনতম ৪ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ অর্থের ব্যালেন্স রয়েছে।
এ ছাড়া আবেদনকারীর বৈধ স্বাস্থ্য বীমা (হেলথ ইন্স্যুরেন্স), দেশে ফেরার নিশ্চিত রাউন্ড-ট্রিপ বা রিটার্ন বিমান টিকিট জমা দেওয়াও বাধ্যতামূলক।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত শর্ত পূরণ করে আবেদন করলে ভ্রমণকারীরা এই দীর্ঘমেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসার সুবিধা নিয়ে আগামী পাঁচ বছর সংযুক্ত আরব আমিরাতে একাধিকবার ভ্রমণ করতে পারবেন।
সূত্র: গালফ টুডে



