ঐতিহাসিক ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ বার্তায় তিনি শহীদদের স্মরণ করেন এবং দেশের সর্বক্ষেত্রে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ এবং চট্টগ্রামে কলেজশিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরামসহ অন্তত ছয়জন শহীদ হন। রংপুরে দুই হাত প্রসারিত করে পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা আবু সাঈদের দৃশ্য গণতন্ত্রকামী মানুষের মনে গভীর আলোড়ন তোলে। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন পরে ফ্যাসিস্ট সরকারের পতনের গণআন্দোলনে রূপ নেয় এবং ধারাবাহিক গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়।
তিনি শহীদ আবু সাঈদ, শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামসহ ১৬ জুলাইয়ের সব শহীদের রুহের মাগফিরাত কামনা করেন।
বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ১৬ জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। রাষ্ট্রীয় নিপীড়ন, প্রাণঘাতী শক্তির নির্মম ব্যবহার এবং ভয়ভীতির রাজনীতির বিরুদ্ধে নিরস্ত্র কিন্তু সাহসী ছাত্র-জনতার প্রতিরোধ জাতির বিবেককে জাগ্রত করেছিল। বিশেষ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা আবু সাঈদের দৃশ্য শুধু একটি ঘটনার প্রতীক নয়, বরং অধিকারবঞ্চিত একটি জাতির ভয় জয় করার প্রতিচ্ছবি।
তিনি আরও বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন ছিল না; এটি দীর্ঘদিনের ফ্যাসিবাদ, দুর্নীতি, গুম, খুন, দমন-পীড়ন এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে জনগণের সম্মিলিত প্রতিরোধ। শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই দেশের মানুষ নিজেদের অধিকার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষা নতুনভাবে প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। শহীদদের রক্ত কখনো বৃথা যাবে না উল্লেখ করে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ভবিষ্যতের বাংলাদেশ গঠনে প্রেরণার উৎস হয়ে থাকবে।
বার্তার শেষাংশে প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র, মানবিক মূল্যবোধ ও নাগরিক অধিকারভিত্তিক একটি নিরাপদ, স্বনির্ভর এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই হবে শহীদদের আত্মত্যাগের প্রতি প্রকৃত সম্মান। তিনি আবারও সব শহীদের রুহের মাগফিরাত কামনা করেন এবং গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।



