তৃণমূল কংগ্রেসের নেতা ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া সব এফআইআরের তথ্য জানতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। তিনি আদালতের কাছে আবেদন করেছেন, তাঁর নামে এ পর্যন্ত কতটি এফআইআর হয়েছে, সে বিষয়ে রাজ্যের পুলিশ মহাপরিচালক (ডিজিপি) যেন বিস্তারিত তথ্য দেন।
বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে অভিষেকের পক্ষে আইনজীবী গোপালশঙ্কর নারায়ণ ও অয়ন ভট্টাচার্য আবেদনটি উপস্থাপন করেন। তাঁদের দাবি, এখন পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে অন্তত আটটি এফআইআর হয়েছে। তবে আরও কোনো মামলা রয়েছে কি না, সে বিষয়ে তাঁদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। তাই আদালতের মাধ্যমে পূর্ণাঙ্গ তথ্য জানার আবেদন করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, অভিষেক একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ায় তাঁকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হচ্ছে এবং ধারাবাহিকভাবে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। আইনজীবীরা জানান, পুলিশের রিপোর্ট হাতে পাওয়ার পর প্রতিটি অভিযোগের বিষয়ে বিস্তারিত বক্তব্য দেওয়া হবে।
এদিকে, রাজ্যের পক্ষের আইনজীবী আদালতে জানান, প্রতিটি মামলায় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো রাজনৈতিক প্রতিহিংসার কারণে পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে তিনি দাবি করেন।
শুনানি শেষে বিচারপতি সৌগত ভট্টাচার্য আগামী ২২ জুলাই মামলাটির পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এ পর্যন্ত দায়ের হওয়া আটটি এফআইআর-সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন আদালতে জমা দিতে রাজ্যকে নির্দেশ দেন।



