প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বিশেষ করে শিশুদের প্রতি প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ জানান।
বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের আগে তিনি আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা হিসেবে প্রধানমন্ত্রী একটি নিমগাছের চারা রোপণ করেন। এ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে প্রায় দুই লাখ চারা রোপণ করা হচ্ছে।
শিশু শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “ছোট্ট বন্ধুরা, তোমরা প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর চেষ্টা করবে। সেটা স্কুলে হোক বা বাসার আশপাশে—যেখানেই সুযোগ পাও, একটি করে গাছ রোপণ করবে।”
তিনি আরও বলেন, “যে গাছটি লাগাবে, সেটি কতটা অক্সিজেন উৎপাদন করে, মানুষের কী কী উপকারে আসে—এসব বিষয় ইন্টারনেট ঘেঁটে জানার চেষ্টা করবে। প্রতি বছর নতুন একটি গাছ সম্পর্কে জানলে তোমাদের জ্ঞানও বাড়বে।”
প্রধানমন্ত্রী বলেন, স্কুলে লাগানো গাছ বড় হলে তা শিক্ষার্থীদের ছায়া দেবে এবং বিশ্রামের জায়গা হবে। একইভাবে বাসার আশপাশে গাছ লাগালে পরিবেশ শীতল থাকবে, বিশুদ্ধ বাতাস পাওয়া যাবে এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা সহজ হবে।
দিনটির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “আজ একটি স্মরণীয় দিন। আমরা সবাই মিলে বাংলাদেশের মাটিতে একসঙ্গে অসংখ্য গাছ রোপণ করেছি।”
কর্মসূচির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী প্রাণ-প্রকৃতি বিষয়ক শিশু শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এবং তাদের উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন।
এ সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



