প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, উদ্বোধনের দিন থেকেই জাদুঘরটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক আহ্বানের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
এর আগে ডা. শফিকুর রহমান বলেন, জুলাই মাসের মধ্যেই জুলাই স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য খুলে দেওয়া উচিত। তার ভাষ্য, কিছু নির্মাণ বা সংস্কারকাজ অসম্পূর্ণ থাকলেও জাদুঘরটি চালু করা যেতে পারে। প্রয়োজনীয় সংস্কার ও অন্যান্য কাজ পরে পর্যায়ক্রমে সম্পন্ন করা সম্ভব। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী উদ্বোধন করলে আমন্ত্রণ পেলে তারা অনুষ্ঠানে অংশ নেবেন।
এদিকে একই দিন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানও জানান, আগামী ৫ আগস্টের মধ্যেই জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করা হবে। তিনি বলেন, উদ্বোধন উপলক্ষে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।



