tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়স্থানীয় সরকারের চার প্রতিষ্ঠানের তথ্য চাইল নির্বাচন কমিশন

স্থানীয় সরকারের চার প্রতিষ্ঠানের তথ্য চাইল নির্বাচন কমিশন

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনের প্রয়োজনীয় তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভার সীমানা নির্ধারণ এবং ওয়ার্ড বিন্যাসের কাজ দ্রুত শেষ করার নির্দেশও দিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৯ জুলাই) এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা পৃথক চারটি চিঠি পাঠানো হয়।

ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদ-সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার আইন, ২০০৯-এর ধারা ৮ অনুযায়ী প্রথম সভার তারিখ থেকে এসব পরিষদের মেয়াদ পাঁচ বছর। একই আইনের ধারা ২০ অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে হবে। সে কারণে সংশ্লিষ্ট পরিষদগুলোর শপথ গ্রহণ ও প্রথম সভার তারিখ নির্বাচন কমিশনের প্রয়োজন। পাশাপাশি, যেখানে প্রয়োজন সেখানে সীমানা নির্ধারণ ও ওয়ার্ড বিন্যাসের কাজ দ্রুত শেষ করার জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

অন্যদিকে, সিটি করপোরেশন-সংক্রান্ত চিঠিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ধারা ৬ অনুযায়ী প্রথম সভার তারিখ থেকে করপোরেশনের মেয়াদ পাঁচ বছর। একই আইনের ধারা ৩৪ অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। এ কারণে সিটি করপোরেশনগুলোর শপথ গ্রহণ ও প্রথম সভার তারিখও ইসির কাছে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশন সম্পর্কিত চাওয়া সব তথ্য আগামী ৩০ জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাতে হবে।