রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রসংলগ্ন মাঠে শুরু হয়েছে সপ্তাহব্যাপী জাতীয় পরিবেশ মেলা। বৃহস্পতিবার (৯ জুলাই) মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর তিনি পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের স্টল এবং ফুল, ফল ও ঔষধি গাছের সমাহারে সাজানো নার্সারিগুলো ঘুরে দেখেন।
স্টল পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী বিভিন্ন উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন এবং পরিবেশ সংরক্ষণে তরুণদের ভূমিকার প্রশংসা করেন।
সিএজেএফের উদ্যোগে সন্তোষ
মেলার মঞ্চসংলগ্ন ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশনের (সিএজেএফ) স্টলও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জলবায়ু ন্যায়বিচার, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, প্লাস্টিক দূষণ রোধ, পরিচ্ছন্নতা অভিযান, শিশু-কিশোরদের পরিবেশ শিক্ষা, তরুণদের নেতৃত্ব বিকাশ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে সংগঠনটির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
এ সময় জলবায়ু সহনশীল আদর্শ গ্রাম নির্মাণ এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনাসহ সংগঠনটির নানা উদ্যোগের প্রশংসা করেন তিনি।
স্টল পরিদর্শনের একপর্যায়ে প্রধানমন্ত্রীকে শিশুদের আঁকা পরিবেশবিষয়ক একটি চিত্রকর্ম উপহার দেওয়া হয়। তিনি হাসিমুখে উপহারটি গ্রহণ করেন এবং চিত্রকর্মের প্রশংসা করেন।
সিএজেএফের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আরিফুজ্জামান মামুন বলেন, প্রধানমন্ত্রী তাদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নিয়েছেন এবং উৎসাহব্যঞ্জক মন্তব্য করেছেন। পরিবেশ ও জলবায়ু নিয়ে সংগঠনের উদ্যোগের প্রশংসা করে তিনি তাদের অনুপ্রাণিত করেছেন। সরকারের সর্বোচ্চ পর্যায়ের এই স্বীকৃতি ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা দেবে বলেও মন্তব্য করেন তিনি।
পরিবেশবান্ধব কাগজের কলমে মুগ্ধ
পরিবেশবাদী সংগঠন ‘মিশন গ্রীন বাংলাদেশ’-এর স্টলে গিয়ে পরিবেশবান্ধব ‘কাগজের কলম’ (পেপার পেন রেভলিউশন) দেখে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
সংগঠনটির নির্বাহী পরিচালক আহসান রনি জানান, প্রধানমন্ত্রী সরকারি অফিস-আদালতে প্লাস্টিকের কলমের পরিবর্তে পরিবেশবান্ধব কাগজের কলম ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি বর্জ্যকে সম্পদে রূপান্তরের লক্ষ্যে সংগঠনটির ‘ভাংরি মামা’ উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।
নার্সারির সাজসজ্জায় প্রশংসা
পরিবেশবাদী সংগঠনগুলোর স্টল ঘুরে দেখার আগে প্রধানমন্ত্রী বিভিন্ন নার্সারি পরিদর্শন করেন। একটি নার্সারির নান্দনিক সাজসজ্জা দেখে তাৎক্ষণিকভাবে তিনি বলেন, ‘বাহ! আপনি তো দারুণ সাজিয়েছেন।’
পরে তিনি জানতে চান, মেলা উপলক্ষে নাকি সব সময়ই নার্সারিটি এভাবে সাজানো থাকে। জবাবে প্রতিনিধিরা জানান, সাভারের আশুলিয়ায় তাদের মূল নার্সারিটিও একইভাবে পরিচ্ছন্ন ও সুসজ্জিত। এ কথা শুনে তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এ সফরে মেলায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবক, বৃক্ষপ্রেমী ও তরুণদের মধ্যে উৎসাহের সৃষ্টি হয়। তাদের ভাষ্য, দেশের সরকারপ্রধানের এমন উৎসাহ পরিবেশ রক্ষার আন্দোলনকে আরও গতিশীল করবে।
জাতীয় পরিবেশ পদক-২০২৫ প্রদান
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, পরিবেশবিষয়ক শিক্ষা ও প্রচার এবং গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানকে ‘জাতীয় পরিবেশ পদক-২০২৫’ প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ব্যক্তিগত পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিতে পদক পেয়েছেন আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হাসমত আলী।
পরিবেশবিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে পদক পেয়েছেন মো. মনির হোসেন। গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে পদক পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ও প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম।
প্রাতিষ্ঠানিক পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ বিভাগে পদক পেয়েছে ক্ল্যাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড। পরিবেশবিষয়ক শিক্ষা ও প্রচার বিভাগে পদক পেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস। আর গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন বিভাগে পদক পেয়েছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট।



