tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকসৌদি আরবে চালু হলো নতুন ‘প্যাকেজ ভিসা’

সৌদি আরবে চালু হলো নতুন ‘প্যাকেজ ভিসা’

পর্যটকদের জন্য ভ্রমণ আরও সহজ, দ্রুত ও ঝামেলামুক্ত করতে পরীক্ষামূলকভাবে নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করেছে সৌদি আরব। এই উদ্যোগের আওতায় একটি সমন্বিত ট্রাভেল প্যাকেজের মাধ্যমেই ট্যুরিস্ট ভিসা পাওয়া যাবে। একই প্যাকেজে ফ্লাইট, হোটেল বুকিং এবং অন্যান্য প্রয়োজনীয় ভ্রমণসেবা অন্তর্ভুক্ত থাকবে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, প্রাথমিকভাবে নির্বাচিত কয়েকটি দেশের অনুমোদিত ট্রাভেল ও ট্যুরিজম সেবাদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে এই পাইলট প্রকল্প চালু করা হচ্ছে। ভ্রমণকারীরা একটি প্ল্যাটফর্ম থেকেই রাউন্ড-ট্রিপ ফ্লাইট বুকিং, লাইসেন্সপ্রাপ্ত হোটেল সংরক্ষণ এবং ইলেকট্রনিক ভিসার আবেদন সম্পন্ন করতে পারবেন।

এছাড়া ভ্রমণ পরিকল্পনার সঙ্গে বিভিন্ন পর্যটন আকর্ষণ, বিশেষ অনুষ্ঠান ও বিনোদনমূলক কার্যক্রমও যুক্ত করার সুযোগ থাকবে। ফলে আলাদাভাবে ফ্লাইট, হোটেল ও ভিসার ব্যবস্থা করার প্রয়োজন হবে না।

তবে এই সুবিধা কেবল সেসব অনুমোদিত ট্রাভেল এজেন্সি দিতে পারবে, যাদের নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম, উন্নত প্রযুক্তিগত সক্ষমতা এবং সার্বক্ষণিক গ্রাহকসেবার ব্যবস্থা রয়েছে।

সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ কর্মসূচির আওতায় পর্যটন খাত সম্প্রসারণের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এই প্যাকেজ ভিসা চালু করা হয়েছে। দেশটির পর্যটন, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি বীমা কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

এর আগে সৌদি আরব ট্যুরিস্ট ই-ভিসা চালুর পাশাপাশি অন-অ্যারাইভাল ভিসা ও স্টপওভার ট্রানজিট ভিসা চালু করে আন্তর্জাতিক পর্যটকদের জন্য প্রবেশপ্রক্রিয়া সহজ করেছে। এসব উদ্যোগের ফলে দেশটিতে বিদেশি পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে সৌদি আরব ভ্রমণ করেছেন ২ কোটি ৯০ লাখের বেশি বিদেশি দর্শনার্থী।

সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব এই উদ্যোগকে দেশটির পর্যটন খাতের নতুন মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন। এসপিএকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, সৌদি আরবের পর্যটনের অগ্রযাত্রা উচ্চাকাঙ্ক্ষা, উন্মুক্ততা এবং ধারাবাহিক উন্নয়নের প্রতীক। প্যাকেজ ভিসা সেই যাত্রার পরবর্তী ধাপ, যা ভ্রমণসেবা প্রদানকারীদের সক্ষমতা বাড়াবে, দর্শনার্থীদের যাত্রা আরও সহজ করবে এবং সৌদি আরব ভ্রমণকে আরও স্মার্ট ও নির্বিঘ্ন করে তুলবে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতে, নতুন এই ব্যবস্থা পর্যটকদের দীর্ঘ সময় সৌদি আরবে অবস্থান করতে উৎসাহিত করবে, ভ্রমণ অভিজ্ঞতা সমৃদ্ধ করবে এবং পর্যটন খাতে ব্যয় বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি এটি আন্তর্জাতিক পর্যটকদের জন্য সহজ প্রবেশাধিকার নিশ্চিত করা, বেসরকারি খাতের সঙ্গে অংশীদারিত্ব জোরদার করা এবং বিশ্বমানের পর্যটনসেবা প্রদানের ক্ষেত্রে সৌদি আরবের চলমান প্রচেষ্টারই প্রতিফলন।

সূত্র: গালফ নিউজ