গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন কাজের কারণে আজ মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত টানা ১৬ ঘণ্টা দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
সোমবার (৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। এতে বলা হয়, গাজীপুর ডিভিশনের আওতাধীন জয়দেবপুর, নাওজোর, ইটাহাটা, কড্ডা, কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা (পল্লী বিদ্যুৎ), কালিয়াকৈর ও মির্জাপুর এলাকার ১০ ইঞ্চি ও ২০ ইঞ্চি ব্যাসের ১৪০ পিএসআইজি গ্যাস লাইনে জরুরি টাই-ইন কাজের জন্য নির্ধারিত সময়ে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
এর প্রভাবে জয়দেবপুর থেকে টাঙ্গাইলের কুমুদিনী পর্যন্ত সব ধরনের শিল্পকারখানা, ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট এবং সিএনজি রিফুয়েলিং স্টেশনে গ্যাস সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকবে।
এ ছাড়া আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ কমে যেতে পারে বা লো-প্রেসার পরিস্থিতি তৈরি হতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।



