tanaka
প্রচ্ছদসারাদেশ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু, নতুন রোগী ১,২৯৫

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু, নতুন রোগী ১,২৯৫

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৯৫ জনের শরীরে হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুজন করে এবং ঢাকা ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন। এ ছাড়া নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৩২ জন। বিভাগগুলোর মধ্যে ঢাকা সর্বোচ্চ ৫০৪ জন রোগী নিয়ে শীর্ষে রয়েছে। চট্টগ্রাম বিভাগে শনাক্ত হয়েছেন ২৪৮ জন। অন্যদিকে, নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে ৬৩ জন, যাঁদের সবাই ঢাকা বিভাগের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একই সময়ে হাম আক্রান্তদের মধ্যে নতুন করে ১ হাজার ১২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫৪ জন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত হিসাব পর্যালোচনায় দেখা যায়, দেশে সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জনে। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৩ হাজার ৫৪১ জন।

এই সময়ের মধ্যে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৩৫ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হাম রোগে মারা গেছেন ১০৫ জন। এ ছাড়া মোট ১ লাখ ৯৯ হাজার ১২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৯০ জন।