tanaka
প্রচ্ছদজাতীয়ধর্মীয় সম্প্রীতি ও মূল্যবোধ রক্ষায় বাজেটে ১,০৮১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

ধর্মীয় সম্প্রীতি ও মূল্যবোধ রক্ষায় বাজেটে ১,০৮১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

দেশে ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি ও সামাজিক সংহতি জোরদারে আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে ধর্মবিষয়ক খাতে ১ হাজার ৮১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। নৈতিকতা বিকাশ, ধর্মীয় নেতাদের জীবনমান উন্নয়ন এবং হজ ব্যবস্থাপনার আধুনিকায়নকে গুরুত্ব দিয়ে এ বরাদ্দ প্রস্তাব করা হয়।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় এ খাতের বিভিন্ন উদ্যোগ ও কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

বাজেট বক্তৃতায় বলা হয়, ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে সরকার কল্যাণভিত্তিক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর আওতায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক ১০ হাজার টাকা এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিত ও সেবায়েতদের মাসিক ৮ হাজার টাকা করে সম্মানী দেওয়া হচ্ছে।

এ পর্যন্ত দেশের ৬ হাজার ৪৩৮টি ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ৯ হাজার ৫২০ জনকে মাসিক সম্মানী ও উৎসব ভাতা প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে এ সুবিধা দেশের সব ধর্মীয় উপাসনালয়ে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের।

এসব কার্যক্রম পরিচালনার জন্য আগামী অর্থবছরের বাজেটে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে ১ হাজার ৮১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বাজেটে আরও জানানো হয়, ইসলামি মূল্যবোধের প্রচার ও গবেষণার পাশাপাশি হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, সাশ্রয়ী ও আধুনিক করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে ইমাম ও মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

ওয়াকফ সম্পত্তি রক্ষায় সরকারের চলমান উদ্ধার কার্যক্রমের আওতায় ইতোমধ্যে ১১টি ওয়াকফ এস্টেটের ২৮ দশমিক ২০ একর জমি উদ্ধার করা হয়েছে বলেও বাজেট বক্তৃতায় উল্লেখ করা হয়।

সরকার আশা প্রকাশ করেছে, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি আরও শক্তিশালী হবে।